রাজধানীতে ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ১৪ জানুয়ারি ২০২০, ০৫:১০ পিএম

রাজধানীর আসাদ গেট  ও ফকিরাপুল এলাকায় ট্রাকর ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তি নিহত হয়েছেন। তাদের নাম আ. কাদের (৪২) ও ফকিরাপুলের আ. জলিল (৩৫)। সোমবার রাতে পৃথক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়।

ময়নাতদন্তের জন্য মৃতদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত কাদেরের ছোট ভাই জুবায়ের হোসেন জানান, তাদের বাড়ি কুমিল্লা দাউদকান্দি উপজেলায়। বাবার নাম রওশন আলী। দুই ছেলে, দুই মেয়েসহ পরিবার নিয়ে মিরপুর লালকুঠি বড় মসজিদের পাশে নিজেদের বাড়িতে থাকতেন কাদের। 'ফাহাদ ফুড অ্যান্ড বেকারি' নামে বেকারি খাবারের ব্যবসা রয়েছে তার। প্রতি রাতের মতো সোমবারও দোকান থেকে টাকা সংগ্রহে মোটরসাইকেল নিয়ে বের হন তিনি। রাত ১২টার দিকে আসাদগেট এলাকায় মোড় ঘোরার সময় একটি ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিন গুরুতর আহত হলে পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল ভর্তি করায়।

শেরেবাংলা নগর থানার ডিউটি অফিসার (এসআই) মো. হাফিজুর রহমান জানান, আসাদগেটে ট্রাক ধাক্কায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টায় তার মৃত্যু হয়। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছে।

এদিকে নিহত আ. জলিলের ভগ্নীপতি ওমর ফারুক জানান, শরীয়তপুর ভেদেরগঞ্জ উপজেলার নজরুল বালাকান্দি গ্রামে বাড়ি জলিলের। গাজিপুর কাশিমপুর শৈলবি এলাকায় এক ছেলে ও স্ত্রী সুইটি বেগমকে নিয়ে থাকতেন তিনি। এলাকায় ওষুধের দোকান রয়েছে তার। ওষুধ কিনতে প্রতি মাসে কয়েক বার তিনি ঢাকায় আসতেন। সোমবার রাতেও তিনি একাই ঢাকায় আসেন। মিটফোর্ড মার্কেট থেকে ওষুধ কেনার পর আবার গাজিপুর ফিরে যাবেন বলে জানতে পারি। পরে রাতে শুনতে পাই তিনি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এরপর হাসপাতালে এসে তার লাশ দেখতে পাই।

তিনি আরো জানান, এক মোটরসাইকেল চালকের মাধ্যমে জানতে পারি আবদুল্লাহপুর থেকে জলিল তার মোটরসাইকেলে ওঠেন। তবে তিনি রাইড শেয়ারিং অ্যাপস চালান না। তিনিও মতিঝিল এলাকায় যাবেন এটা জেনেই তাকে সঙ্গে নেওয়ার অনুরোধ করেন জলিল। এরপর তারা দুজন মোটরসাইকেলে করে মতিঝিলে যাওয়ার পথে রাত ২টার দিকে ফকিরাপুল মোড়ে একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে পড়ে গিয়ে আহত হন জলিল। তবে মোটরসাইকেল চালক কোনো ধরনের আঘাত পাননি। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ৩টায় তাকে মৃত ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত