অস্ত্র ও ইয়াবাসহ নওগাঁয় আ. লীগের সাধারণ সম্পাদকের ছেলে গ্রেপ্তার

আপডেট : ১৪ জানুয়ারি ২০২০, ০৮:০১ পিএম

নওগাঁর আত্রাইয়ে অস্ত্র ও ইয়াবাসহ সাজ্জাদ চৌধুরী রিপন (৩৫) নামে একজনকে আটক করেছে র‌্যাব-৫। আটক সাজ্জাদ চৌধুরী রিপন  উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদলের ছেলে।

সোমবার রাত ৯ টার দিকে উপজেলার সাহেবগঞ্জ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব-৫ সিপিসি ২ নাটোর ক্যাম্প সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে যাচ্ছিল রিপন। এ সময় তার কাছ থেকে ১ টি বিদেশি রিভলবার, ২ রাউন্ড গুলি, ২২০০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি মোবাইল ও ১ টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসার সঙ্গে জড়িতের কথা স্বীকার করেছে বলে জানায় র‌্যাব।

আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন দেশ রূপান্তরকে বলেন, মঙ্গলবার সকালে র‌্যাবের পক্ষ থেকে অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছে। আটক রিপনকে আদালতের মাধ্যমে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত