নারী নির্যাতনের কোনো ঘটনা বিচারহীন থাকবে না : আইনমন্ত্রী

আপডেট : ১৫ জানুয়ারি ২০২০, ০২:৪৭ এএম

সরকার ধর্ষণ ও নারী নির্যাতনের কোনো ঘটনাকেই বিচারহীন অবস্থায় রাখতে চায় না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, ‘মানবাধিকার সম্পর্কিত সরকারের অনেক অর্জন বা সাফল্য রয়েছে। তবে এসব অর্জনের মধ্যে নারী নির্যাতন বন্ধের মতো চ্যালেঞ্জও রয়েছে।’ গতকাল মঙ্গলবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘মানুষের জন্য মানবাধিকার পদক-২০২০’ শীর্ষক সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এসময় আইনমন্ত্রী বলেন, ‘নারী নির্যাতনের ব্যাপারে সরকার সবসময়ই সজাগ। এক্ষেত্রে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা/সংগঠনগুলোর সহযোগিতারও প্রয়োজন। কারণ তারা নারী নির্যাতন প্রতিরোধে প্রত্যন্ত অঞ্চলে ব্যাপক কাজ করছে।’

তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনায় ‘আইনের চোখে সমতা’ নীতিকে প্রাধান্য দিয়ে আসছে। এ লক্ষ্যে সরকার সব নাগরিকের আইনের আশ্রয় লাভ, জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার রক্ষা, বাকস্বাধীনতা, মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতকল্পে সদা নিয়োজিত রয়েছে। ফলে প্রতিটি নাগরিক ধর্ম, শিক্ষা, সমিতি, পেশা ও বাণিজ্যের ক্ষেত্রে সংবিধান মোতাবেক পূর্ণ স্বাধীনতা ভোগ করে থাকেন।’

‘মানুষের জন্য ফাউন্ডেশন’ নামে একটি সংগঠন অনুষ্ঠানটির আয়োজন করে। সংগঠনটির গভর্নিং বোর্ডের সদস্য পারভীন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে মানবাধিকারকর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল, ডিএফআইডি বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ জুডিথ হার্বাটসন, ঢাকার সুইডিশ দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ক্রিস্টিন জোহানসন, এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক কে. এম. আব্দুস সালাম, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে মানবাধিকার রক্ষায় বিশেষ অবদান রাখায় ১০ জন মানবাধিকারকর্মীকে সম্মাননা দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত