নিজেদের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বিধ্বস্ত হয়েছে ভারত। মঙ্গলবার মুম্বাইয়ের ওয়াংখেড়েতে বিরাট কোহলির দল হেরেছে ১০ উইকেটের বড় ব্যবধানে। আর এই হারের বিশ্লেষণ করতে গিয়ে বিরাট কোহলির পরিকল্পনার সমালোচনা করেছেন পাকিস্তানি পেসার শোয়েব আখতার।
নিজের ইউটিউব চ্যানেলে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের ফলাফল বিশ্লেষণ করতে গিয়ে শোয়েব বলেন, ‘ভারতের এমন হার হতাশাজনক। ভারতের উচিত হারের কারণ নিয়ে কাটাছেঁড়া করা।’
কোহলির চার নম্বরে ব্যাট করার বিষয় উল্লেখ করে শোয়েব বলেন, ‘কোহলির কোনোভাবেই ২৮তম ওভারে ব্যাটিং করতে নামা উচিত নয়। আরও আগে ক্রিজে নামা উচিত ছিল ওর। চূড়ান্ত অবমাননাকর ভাবে ভারত অস্ট্রেলিয়ার বিপক্ষে হারল।’
এ ম্যাচে ভারত নেমেছিল তিন ওপেনার নিয়ে। রোহিত শর্মার সঙ্গে শিখর ধাওয়ান ইনিংস শুরু করেন। আর লোকেশ রাহুল খেলেছেন তিনে। রাহুলকে জায়গা ছেড়ে দিয়ে চারে নেমে আসেন কোহলি।
ধাওয়ান ও রাহুল অবশ্য রান পেয়েছেন। তবে বেশ পরের দিকে নেমে সফল হননি কোহলি। বড় স্কোরের ইঙ্গিত দিয়েও ভারত থামে মাত্র ২৫৫ রানে। ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চের সেঞ্চুরিতে যে লক্ষ্য সহজেই পেরিয়ে যায় অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার দুরন্ত জয়ে শোয়েব আখতার কৃতিত্ব দিচ্ছেন দলটির দলগত সাফল্যকে।
