চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনের প্রস্তুতি এবং জাতীয় সংসদের গাইবান্ধা-৩, ঢাকা-১০ ও বাগেরহাট-৪ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নিতে ২১ জানুয়ারি বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)। সেদিন বিকেল ৩টায় প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সভাপতিত্বে তার সভাকক্ষে কমিশনের ৫৮তম সভা হবে।
সভার আলোচ্যসূচিতে রয়েছে গণপ্রতিনিধিত্ব আইন, ২০২০-এর খসড়া বিল অনুমোদন, জাতীয় সংসদের গাইবান্ধা-৩, ঢাকা-১০ ও বাগেরহাট-৪ নির্বাচনী এলাকার শূন্য আসনে নির্বাচন, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের প্রস্তুতি, ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি, ২০১৯-এর খসড়া প্রকাশের তারিখ নির্ধারণ, সংশোধনকারী কর্র্তৃপক্ষ নিয়োগ, খসড়ার ওপর দাবি বা আপত্তি গ্রহণ, নিষ্পত্তি, সন্নিবেশকরণ ও চূড়ান্ত প্রকাশনার তারিখ নির্ধারণ এবং বিবিধ।
নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, চসিক নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা নেই বলে আগেই ইসিকে জানিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। তাই ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির পর এই সিটিতে ভোটের জন্য প্রস্তুতি নিচ্ছে ইসি। ২০১৫ সালের ২৮ এপ্রিল চসিক নির্বাচন ও ৬ আগস্ট প্রথম সভা হয়। এ হিসাবে চসিকের মেয়াদ শেষ হবে ২০২০ সালের জুলাইয়ে।
