ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে আগামী ২২ জানুয়ারি আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন (ইসি)। ওই দিন বেলা ৩টায় আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এ বৈঠক হবে।
ইসির সিনিয়র সহকারী সচিব (নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-১) মোহাম্মদ মোরশেদ আলম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন সাধারণ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলাবিষয়ক সভা হবে। প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে সভায় উপস্থিত থাকবেন নির্বাচন কমিশনাররা।
নির্বাচন সংশ্লিষ্টরা বলছেন, প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদার সভাপতিত্বে বৈঠকে চার নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম, ব্রিগেডিয়ার (অব.) শাহাদাত হোসেন চৌধুরী ও ইসির সিনিয়র সচিব মো. আলমগীর উপস্থিত থাকবেন। অন্যদিকে বৈঠকে মহাপুলিশ পরিদর্শক, র্যাবের মহাপরিচালক, ডিএমপি কমিশনার, বিজিবি মহাপরিচালক, ডিজিএফআই পরিচালকসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধির উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রতিনিধি ও দুই রিটার্নিং কর্মকর্তা উপস্থিত থাকবেন।
