যশোরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন নারী নিহত হয়েছেন। তাদের মধ্যে দুইজন বোন ও আরেকজন ভাবি। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ভাবি যশোর শহরের আরএন রোডের আফরোজা তাবাসসুম (২৬) ও দুই ননদ শহরের ঢাকা রোড মোল্লাপাড়ার ইয়াসিন আলীর দুই মেয়ে তানিমা ইয়াসমিন পিয়াসা (২৫) ও তানজিলা ইয়াসমিন তিয়াসা (২৮)।
নিহতদের স্বজনদের বরাত দিয়ে যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) তাসনীম আহমেদ জানান, তানজিলা ইয়াসমিনের বিবাহোত্তর সংবর্ধনা আগামী ২৩ জানুয়ারি। এ উপলক্ষে তার স্বামী শফিকুল ইসলাম জ্যোতির বাড়িতে আলোকসজ্জা করা হয়েছে।
তানজিলা ইয়াসমিন আলোকসজ্জা দেখার জন্য স্বামীকে ফোন দেন শুক্রবার রাতে। রাত ১১টার দিকে জ্যোতি তাদের মাইক্রোবাস নিয়ে পিয়াসার বাড়িতে আসেন। তখন পিয়াসা তার বোন তিয়াসা ও ভাবি আফরোজা তাবাসসুমকে সঙ্গে নেন। এ সময় তাদের সঙ্গে আফরোজার তিন বছরের মেয়ে মানজিরাও ছিল। এছাড়া্ও গাড়িতে জ্যোতির সঙ্গে ছিলেন তার বন্ধু হৃদয় ( ২৮) ও শাহিন হাসান (২৩)।
জ্যোতির বাড়ির আলোকসজ্জা দেখে তারা শহরে ঘুরতে বের হন। রাত সাড়ে ১২টার দিকে শহরের পুরাতন কসবা বিমান অফিস মোড়ের কাছে চালক জ্যোতি গাড়ির নিয়ন্ত্রণ হারালে একটি বৈদ্যুতিক খুঁটি ও একটি বাড়ির প্রাচীরে গিয়ে সজোরে ধাক্কা লাগে। এ সময় গাড়ির একটি অংশ দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলে ওই তিন নারী নিহত হন। আহত হয়েছেন আরোহী অন্যরা। তবে তারা শঙ্কামুক্ত।
