ভেট্টোরি-ম্যাকেঞ্জিসহ কোচিং স্টাফের ৫জন যাচ্ছেন না পাকিস্তানে

আপডেট : ১৮ জানুয়ারি ২০২০, ০৬:৩০ পিএম

বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম ধাপের পাকিস্তান সফরে কোচিং স্টাফের পাঁচ সদস্যই যাচ্ছেন না। স্পিন পরামর্শক ড্যানিয়েল ভেট্টোরি, সাদা বলে ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি, ফিল্ডিং কোচ রায়ান কুক রয়েছেন সেই তালিকায়।

এ ছাড়া ট্রেনার মারিও ভিল্লাভারায়ন ও অ্যানালাইসিস্ট শ্রীনিবাস চন্দ্রশেখরন রয়েছেন এই তালিকায়।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশনস কমিটির প্রধান আকরাম খানের বরাত দিয়ে ক্রিকইনফো এই খবর প্রকাশ করেছে।

নিউজিল্যান্ডের কিংবদন্তি স্পিনার ভেট্টোরি মূলত বাংলাদেশের স্পিন বোলিং পরামর্শক। তাকে এই সংক্ষিপ্ত সফরের জন্য নিজেরাই সেভাবে বিবেচনায় রাখেনি বিসিবি। ভারতীয় নাগরিক শ্রীনিবাসের ক্ষেত্রেও ব্যাপারটি তাই। কিছুদিন আগে বাংলাদেশ নারী দলের পাকিস্তান সফরে যেমন ভারতীয় দুই কোচকে পাঠানো হয়নি। শ্রীলঙ্কান ট্রেনার ভিল্লাভারায়ন অবশ্য যাচ্ছেন না তার হাত ভেঙে যাওয়ায়।

আকরাম খান জানান, ‘মারিওর হাত ভেঙেছে সম্প্রতি। চন্দ্রশেখর স্কাইপে দলের সঙ্গে কাজ করবে। ব্যাটিং কোচ ম্যাকেঞ্জি ও ফিল্ডিং কোচ কুক যাচ্ছেন না।’

দলের নিয়মিত কোচিং স্টাফের সদস্যদের মধ্যে তাই মাত্র দুজনকে পাবে টাইগাররা। প্রধান কোচ রাসেল ডমিঙ্গের সঙ্গে যাচ্ছেন ফিজিও জুলিয়ান ক্যালেফাতো।

নিয়মিতদের জায়গায় সংক্ষিপ্ত এই সফরে বাংলাদেশ দলের ফিল্ডিং কোচ হিসেবে কাজ করবেন সোহেল ইসলাম। ট্রেনার হিসেবে থাকবেন তুষার কান্তি হাওলাদার।

শার্ল ল্যাঙ্গাভেল্ট ফিরে যাওয়ার পর বাংলাদেশ দলের বোলিং কোচের পদটা এখনো ফাঁকা। ওটিস গিবসনের সঙ্গে বিসিবির আলোচনার কথা অবশ্য জানা গেছে আগেই। পাকিস্তান সফরের আগে বোলিং কোচ চূড়ান্ত না হলে চম্পাকা রমানায়েকে এই দায়িত্ব সামলাবেন। যিনি অনেক দিন ধরেই বিসিবির ডেভেলপমেন্ট প্রোগ্রামের দায়িত্বে রয়েছেন।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২৩ জানুয়ারি দেশ ছাড়বে বাংলাদেশ দল। ২৪, ২৫ ও ২৭ জানুয়ারি হবে টি-টোয়েন্টি ম্যাচগুলো। সংক্ষিপ্ত সফর শেষে ২৮ জানুয়ারি দেশে ফিরে আসবে টাইগাররা।

এরপর ফেব্রুয়ারিতে দ্বিতীয় ও এপ্রিলে তৃতীয় ধাপে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ দল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত