চট্টগ্রাম-৮ উপনির্বাচনে ভোট পড়েছে ৫%, দাবি বিএনপি প্রার্থীর

আপডেট : ১৯ জানুয়ারি ২০২০, ০১:২৩ এএম

চট্টগ্রাম-৮ উপনির্বাচনে ৫ শতাংশ ভোট পড়েছে বলে দাবি করেছেন বিএনপি মনোনীত প্রার্থী আবু সুফিয়ান।

শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন তিনি এ দাবি করেন।

সুফিয়ান বলেন, ‘নির্বাচন কমিশন (ইসি) ২২ দশমিক ৯৪ শতাংশ ভোট পড়েছে ঘোষণা করলেও ভোট দিতে পেরেছেন মাত্র ৫ শতাংশ ভোটার।’ ভোটের দিন সবকটি কেন্দ্র সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে ছিল উল্লেখ করে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির এ আহ্বায়ক বলেন, ‘এরপরও ইসি সুষ্ঠু ভোট হয়েছে বলে সাফাই গাইছে।’ এ সময় তিনি ফলাফল বাতিল করে পুনর্নির্বাচন দেওয়ার দাবি জানান।

গত ১৩ জানুয়ারি অনুষ্ঠিত উপনির্বাচনে আওয়ামী লীগের মোছলেম উদ্দিন আহমেদ ৮৭ হাজার ৩৪৬ ভোট পেয়ে জয়ী হন। আবু সুফিয়ান পান ১৭ হাজার ৯৩৫ ভোট।

নির্বাচনে ব্যাপক অনিয়ম হয়েছে অভিযোগ করে সুফিয়ান আরও বলেন, ‘ইসি যে ভোটাধিকার হরণের প্রতিষ্ঠানে পরিণত হয়েছে তা এ নির্বাচনের মাধ্যমে আরও একবার প্রমাণিত হয়েছে।’

সংবাদ সম্মেলনে মহানগর বিএনপি সভাপতি ডা. শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মীর মো. হেলাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত