অধ্যাপক মমতাজউদদীন আহমদের ৮৬তম জন্মজয়ন্তী

নামাঙ্কিত পুরস্কার পেলেন আসাদুজ্জামান নূর

আপডেট : ১৯ জানুয়ারি ২০২০, ০২:৩১ এএম

মৃত্যুর পর এবারই প্রথম উদ্যাপিত হলো অধ্যাপক মমতাজউদদীন আহমদের জন্মজয়ন্তী। দিনটিকে ঘিরে প্রকাশিত হয়েছে তার নামে স্মারকগ্রন্থ এবং প্রথমবারের মতো দেওয়া হয়েছে তার নামাঙ্কিত পুরস্কার। গতকাল শনিবার বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে মমতাজউদদীন আহমদের ৮৬তম জন্মজয়ন্তী উদযাপন করা হয়। প্রধান অতিথি ছিলেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। অনুষ্ঠানে স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করেন চিত্রশিল্পী ও মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ। গ্রন্থটি সম্পাদনা করেছেন আবেদ খান, হাবীবুল্লাহ সিরাজী, গোলাম কুদ্দুছ, ড. রতন সিদ্দিকী, কামাল পাশা চৌধুরী ও শাহরিয়ার মাহমুদ প্রিন্স। প্রকাশ করেছে  বিশ্বসাহিত্য ভবন।

এছাড়া এই অনুষ্ঠানে প্রথমবার প্রবর্তিত ‘অধ্যাপক মমতাজউদদীন আহমদ নাট্যজন পুরস্কার’ তুলে দেওয়া হয় আসাদুজ্জামান নূরের হাতে। পুরস্কার হিসেবে সম্মাননা স্মারক ও এক লাখ টাকার চেক গ্রহণ করেন আসাদুজ্জামান নূর। পুরো আয়োজনটিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান। স্বাগত বক্তব্য দেন পর্ষদের সদস্য সচিব ও জুরি বোর্ডের আহ্বায়ক গোলাম কুদ্দুছ। মমতাজউদদীন আহমদের শংসা বচন পাঠ করেন আহ্্কাম উল্লাহ্। পুরস্কার প্রদান ও স্মারকগ্রন্থ প্রকাশের পর সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় মমতাজউদদীন আহমদের জীবনীভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। পাশাপাশি সংগীত পরিবেশন করেন নজরুলসংগীত শিল্পী ফেরদৌস আরা।

অন্যদিকে গান, কবিতা, নাটকসহ নানা আয়োজনে নাটক সরণির (বেইলী রোড) মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে এই নাট্যব্যক্তিত্বকে শ্রদ্ধা নিবেদন করে তারই হাতে গড়া নাট্যদল ‘থিয়েটার’। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান ও মামুনুর রশীদ, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী এবং গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল কামাল বায়েজীদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত