ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ সরস্বতী পূজার দিনের বদলে অন্য কোনো দিন আয়োজন করার দাবিতে টানা তিন দিন অনশনরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে চারজন অসুস্থ হয়ে গতকাল শনিবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। এদিকে অবশেষে নির্বাচন কমিশন (ইসি) ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণের তারিখ পিছিয়েছে। পুনর্নির্ধারিত তারিখ অনুযায়ী, ভোটগ্রহণ হবে আগামী ১ ফেব্রুয়ারি। গতকাল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার নেতৃত্বে ইসির জরুরি সভায় নতুন তারিখ ঠিক হয়। গতকাল সন্ধ্যার পর ইসির এই ঘোষণায় বিজয়ের আনন্দে অমশন ভাঙেন শিক্ষার্থীরা।
অনশনে অসুস্থ হয়ে ঢামেক হাসপাতালে ভর্তি হওয়া চার শিক্ষার্থী হলেন মার্কেটিং বিভাগের অভিদাস প্রীতম, মৃত্তিকা পানি ও পরিবেশবিজ্ঞান বিভাগের অর্ক সাহা, থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের অপূর্ব চক্রবর্তী ও পালি অ্যান্ড বুড্ডিস্ট স্টাডিজ বিভাগের সুকেশ দেবনাথ। আর স্যালাইন লাগিয়ে অনশনে ছিলেন জগন্নাথ হল ছাত্র সংসদের ভিপি উৎপল বিশ্বাস, জিএস কাজল দাস, সমাজসেবা সম্পাদক প্রদীপ দাস, বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক অর্ণব হোড়, জগন্নাথ হলের শিক্ষার্থী দীপ্ত সাহা, জয়ন্ত বণিক, সবুজ কুমার, ভবতোষ চন্দ্র রায় ও মহসিন হলের শিক্ষার্থী রবিউল ইসলাম রবি। গতকাল দুপুরে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানায় বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ। এ সময় পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত বলেন, নির্বাচনের তারিখ পুনর্নির্ধারণের দাবি নিয়ে নির্বাচন কমিশন একগুঁয়েমি করছে। সরস্বতী পূজার দিন নির্বাচন হতে পারে না।
হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বড় উৎসব সরস্বতী পূজা ৩০ জানুয়ারি। একই দিন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ। এই তারিখ নির্ধারণ করে ইসি তফসিল ঘোষণা করার পরপরই পূজা উদযাপন পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভোটের দিন পরিবর্তনের দাবি জানিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিল। একপর্যায়ে হাইকোর্টে রিট আবেদন করেন এক আইনজীবী। হাইকোর্ট রিট আবেদন খারিজ করে দিলে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। তারা দুই দফায় শাহবাগ মোড় অবরোধ করেন। নির্বাচনে ভোটগ্রহণের তারিখ পরিবর্তনের দাবিতে গত বৃহস্পতিবার থেকে আমরণ অনশন শুরু করেন শিক্ষার্থী। তাদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, টিএসসিভিত্তিক বিভিন্ন সংগঠন ও ডাকসুর প্রতিনিধিরা সংহতি জানান।
গতকাল সন্ধ্যার পর ঢাকার দুই সিটির নির্বাচনে ভোটগ্রহণের তারিখ পেছানোর পর ঢাবি উপাচার্য মোহাম্মদ আখতারুজ্জামান উপস্থিতি হয়ে অনুরোধ জানালে শিক্ষার্থীরা অনশন ভাঙেন। এ বিষয়ে আন্দোলনের সমন্বয়ক জগন্নাথ হল সংসদের ভিপি উৎপল বিশ্বাস বলেন, ‘নির্বাচনের তারিখ পেছানোয় আমরা ইসিকে ধন্যবাদ জানাই। পাশাপাশি বলতে চাই, ভবিষ্যতে ইসি এমন সিদ্ধান্ত যেন না নেয়।’
