রাজপদবি ও দায়িত্ব ছাড়লেন হ্যারি ও মেগান

আপডেট : ১৯ জানুয়ারি ২০২০, ১০:৪৯ পিএম

রাজকীয় পদবি ও দায়িত্ব ত্যাগ করলেন ব্রিটিশ প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেল। এখন থেকে তারা আর এইচআরএইচ (হার রয়াল হাইনেস) পদবি ব্যবহার করবেন না। একই সঙ্গে তারা রাজকীয় দায়িত্ব পালনের জন্য সরকারি অর্থও গ্রহণ করবেন না বলে বাকিংহাম প্রাসাদের এক ঘোষণার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে বিবিসি।

হ্যারি ও মেগান এখন থেকে আনুষ্ঠানিকভাবে আর ব্রিটেনের রানীর প্রতিনিধিত্বও করবেন না।

ডিউক অব সাসেক্স প্রিন্স হ্যারি ও ডাচেস অব সাসেক্স মেগান যুক্তরাজ্যে তাদের পারিবারিক বাসস্থান হিসেবে থেকে যাওয়া ফ্রগমোর কটেজ সরকারি অর্থে সংস্কার করতে যে ২৪ লাখ পাউন্ড ব্যয় হয়েছে তা শোধ করে দেওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন। চলতি বছরের বসন্ত থেকেই নতুন এসব ব্যবস্থা কার্যকর হবে বলে এক বিবৃতিতে জানিয়েছে বাকিংহাম প্রাসাদ।

রাজপরিবারের জ্যেষ্ঠ সদস্য হিসেবে আর রাজকীয় দায়িত্ব পালন করতে চান না, চলতি মাসের প্রথম দিকে এই দম্পতি এমন ঘোষণা দিয়েছিল। তারপর গত সোমবার তাদের ভবিষ্যৎ ভূমিকা কী হবে, তা নিয়ে রাজপরিবারের জ্যেষ্ঠ সদস্যরা তাদের সঙ্গে আলোচনায় বসেছিলেন। ওই আলোচনার পরিপ্রেক্ষিতেই বাকিংহাম প্রাসাদ এ ঘোষণা দেয়। বিবৃতিতে রানী বলেছেন, ‘বেশ কয়েক মাস ধরে চলা কথাবার্তা ও সাম্প্রতিক আলোচনায় আমরা সবাই মিলে আমার নাতি ও তার পরিবারের জন্য একটি গঠনমূলক ও সহায়ক পথ পাওয়ায় আমি সন্তুষ্ট। হ্যারি, মেগান ও আর্চি সবসময় আমার পরিবারের অতি আপনজনই থাকবে।’

তিনি আরও বলেন, ‘গত দুই বছর ধরে ব্যাপক অনুসন্ধানের ফলাফল হিসেবে যে অভিজ্ঞতার ভেতর দিয়ে তারা এগিয়েছে তা অনুধাবন করেছি আমি এবং তাদের আরও স্বাধীন জীবনযাপনের ইচ্ছার প্রতি সমর্থন জানাচ্ছি। দেশজুড়ে কমনওয়েলথ ও এর বাইরে তাদের আত্মনিবেদিত সব কাজের জন্য তাদের ধন্যবাদ জানাতে চাই আর বিশেষভাবে মেগান যে দ্রুততার সঙ্গে পরিবারের একজন হয়ে উঠেছে তাতে আমি গর্বিত।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত