৫৮ মিনিটে প্রতিপক্ষকে হারিয়ে দিলেন সেরেনা

আপডেট : ২০ জানুয়ারি ২০২০, ০৩:৪৩ পিএম

বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনে দাপুটে শুরু পেয়েছেন সেরেনা উইলিয়ামস। প্রথম রাউন্ডে প্রতিপক্ষকে হারাতে এক ঘন্টা সময়ও নেননি এই কিংবদন্তি।

সোমবার টুর্নামেন্টের নারীদের এককে প্রথম রাউন্ডে অবাছাই রাশিয়ার আনাস্তাসিয়া পোতাপোভাকে মাত্র ৫৮ মিনিটে সরাসরি ৬-০, ৬-৩ গেমে হারান সেরেনা। টুর্নামেন্টের শেষ পর্যন্ত শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারলে ২৪তম গ্র্যান্ড স্ল্যাম জেতা হবে যুক্তরাষ্ট্রের এই তারকা খেলোয়াড়ের।

সেরেনা তার ২৩টি গ্র্যান্ড স্ল্যামের শেষটি জিতেছিলেন অস্ট্রেলিয়ান ওপেনেই ২০১৭ সালে। এরপর মাতৃত্বের ছুটি কাটিয়ে কোর্টে ফিরলেও গ্র্যান্ড স্ল্যামের দেখা পাননি ৩৮ বছর বয়সী এই অ্যাটলেট। অস্ট্রেলিয়ান ওপেনেই এই খরা কাটাতে মরিয়া সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম জেতা রেকর্ডের মালিক সেরেনা।

আঠারো বছর বয়সী পোতাপোভাকে হারানোর ম্যাচে গ্যালারিতে উপস্থিত ছিলেন সেরেনার কন্যা অলিম্পিয়া। মেয়ের সামনে প্রতিপক্ষকে নিমিষেই হারিয়ে দিতে পারায় দারুণ খুশি সাতবারের অস্ট্রেলিয়ান ওপেন জয়ী।

এদিন কপাল পুড়েছে সেরেনার বড় বোন সাতটি গ্র্যান্ড স্ল্যাম জয়ী ভেনাস উইলিয়ামসের। প্রথম রাউন্ডেই স্বদেশি মাত্র ১৫ বছর বয়সী কোকো গাউফের কাছে সরাসরি ৭-৬, ৬-৩ গেমে হেরে যান ৩৯ বছর বয়সী এই খেলোয়াড়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত