ধর্ষণে অন্তঃসত্ত্বা ৫ম শ্রেণির ছাত্রীকে গর্ভপাতে বাধ্য করালেন মাদ্রাসা সুপার

আপডেট : ২০ জানুয়ারি ২০২০, ০৯:১৬ পিএম

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মাদ্রাসার সুপারের ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে গর্ভপাত করাতে গিয়ে অসুস্থ হওয়ার অভিযোগ পাওয়া গেছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

কওমী মাদ্রাসার প্রতিষ্ঠাতা সুপার আ. হালিম সাগর (৩৫) এর বিরুদ্ধে অভিযোগ ওঠার পর থেকে সপরিবারে এলাকা থেকে পলাতক রয়েছেন তিনি। অভিযুক্ত আ. হালিম সাগর কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের চর আমতলা কোনাবাড়ী গ্রামের ফারুক মিয়ার ছেলে। তিনি কয়েক বছর আগে রোয়াইলবাড়ী বাজার সংলগ্ন রোয়াইল বাড়ি কওমী মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠা করে সুপারের দায়িত্ব পালন করে আসছিলেন।

নেত্রকোনা আধুনিক হাসপাতাল সূত্র জানা যায়, ধর্ষণের শিকার শিক্ষার্থী রোয়াইল বাড়ি কওমী মহিলা মাদ্রাসার ৫ম শ্রেণির ছাত্রী প্রায় চার মাস পূর্বে ধর্ষণের শিকার হয়। ধর্ষণের বিষয়ে কাউকে বললে মেরে ফেলার হুমকি দেয় আ. হালিম সাগর। পরে মেয়েটি অন্তঃসত্ত্বা হলে সাগর তাকে দুই মাস আগে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ান। গত শনিবার পুনরায় শিশুটিকে কলা খাওয়ালে তার গর্ভপাত ঘটে।

এরপর থেকে মেয়েটির অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়। এতে গুরুতর অসুস্থ হলে প্রথমে পার্শ্ববর্তী কিশোরগঞ্জ হাসপাতালে নিয়ে যায় ও পরে গত রবিবার রাতে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সকালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার এবং হাসপাতালের নারী বান্ধব পর্যবেক্ষকেরা কাউন্সেলিং শুরু করেন।

এ ঘটনায় অভিযুক্তের বাবা কেন্দুয়া পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ দিয়েছেন। স্থানীয় সূত্রে খবর পাওয়া গেছে, অভিযুক্ত মাদ্রাসা সুপার এলাকা থেকে পলাতক রয়েছে।

নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের ওয়ানস্টপ ক্রইসিস সেন্টারের প্রোগ্রাম অফিসার এস এম এ সেলিম জানান , তারা ভিকটিমের সাপোর্টে কাজ করে যাচ্ছেন।  

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার অরএমও একরামুল হাসান বলেন, তারা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন। শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো আছে। এ ছাড়া মানসিক অবস্থার জন্য কাউন্সেলিং করছেন।

কেন্দুয়া থানার ওসি রাশেদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, থানায় মামলা দায়ের হয়েছে। মাদ্রাসা সুপার বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। অভিযুক্তকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত