কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ রাবি উচ্চ বিদ্যালয়ের ‘খেলার মাঠ দখলের গুজবে’ পাশের কয়েকটি বাড়ির সীমানা দেয়াল ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
গতকাল মঙ্গলবার সকালে ঘটনাস্থলে গিয়ে জানা যায়, বিদ্যালয়ের মাঠ বর্ধিতকরণ নিয়ে পশ্চিম পাশের জমির মালিকদের সঙ্গে বিদ্যালয় কর্র্তৃপক্ষের দীর্ঘদিন ধরে দেন-দরবার চলে আসছিল। গত বছর ২৫ অক্টোবর স্থানীয় দুই চেয়ারম্যান ও এলাকাবাসী বৈঠক করে মাঠের সীমানা নির্ধারণ করে দিলে জমির মালিকরা কাজ শুরু করেন। কিন্তু গত সোমবার বিকেলে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার নেতৃত্বে মাঠ বর্ধিত করার দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে সীমানা প্রাচীর ভাঙচুর করা হয়। পরে গতকাল সকালে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকরা এর প্রতিবাদে ইলিয়টগঞ্জ বাজারে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেন।
এ সময় বক্তব্য রাখেন জমির মালিক বাবুল মেম্বার, আলী আহম্মদ, ফিরোজ মিয়া, বাচ্চু মিয়া, আনোয়ার হোসেন। তারা গণমাধ্যমকর্মীদের বলেন, বৈঠকের পর দুই ইউপি চেয়ারম্যান, প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যদের উপস্থিতিতে তিনজন সার্ভেয়ার দিয়ে মেপে নির্ধারণ করা সীমানায় আমরা দেয়ালের কাজ শুরু করি। কিন্তু স্থানীয় এক নেতা কিছু বখাটে নিয়ে তা ভেঙে দেয় এবং ঘর বানানোর কাঠ, টিন খুলে নিয়ে যায়।
সুইলপুর ইউপি চেয়ারম্যান ও বিদ্যালয়ের বিদ্যুৎসাহী সদস্য ইমাম হোসেন বলেন, এ হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।
