দক্ষিণ আফ্রিকার নতুন ওয়ানডে অধিনায়ক ডি কক

আপডেট : ২২ জানুয়ারি ২০২০, ১২:৫৬ এএম

ইংল্যান্ডর বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে অধিনায়কত্বে পরিবর্তন আনল দক্ষিণ আফ্রিকা। ফ্যাফ ডু প্লেসিকে সরিয়ে প্রোটিয়াদের নতুন ওয়ানডে অধিনায়ক করা হয়েছে কুইন্টন ডি কককে।

ইংল্যান্ডের বিপক্ষে এই মুহূর্তে নিজেদের মাটিতে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলছে দক্ষিণ আফ্রিকা। তৃতীয় টেস্ট শেষ হয়েছে সোমবার। চতুর্থ টেস্ট শুরু হবে শুক্রবার থেকে। এরপর ৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে দুই দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

সোমবার পোর্ট এলিজাবেথ টেস্টের পর ডু প্লেসি টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন। শুক্রবার শুরু হতে যাওয়া টেস্টটি ঘরের মাঠে তার শেষ টেস্ট হতে পারে বলে ধারণা করা হচ্ছে। দীর্ঘ দিন ধরে ছন্দে নেই বলে দলের মধ্যেও রয়েছে তাকে নিয়ে সমালোচনা।

এর মধ্যে ওয়ানডে অধিনায়কত্বই শুধু হারালেন না। ডু প্লেসির জায়গা হয়নি ইংল্যান্ডের বিপক্ষে ১৫ সদস্যের স্কোয়াডেই।

ডি কককে অধিনায়ক করা প্রসঙ্গে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত পরিচালক গ্রায়েম স্মিথ বলেন, ‘বেড়ে ওঠার সময় থেকেই আমরা খেলোয়াড় হিসেবে কুইন্টন ডি ককের মান সম্পর্কে জানি। শেষ কয়েক বছরে আমরা দেখেছি সে কতটা আত্মবিশ্বাসী হয়ে উঠেছে এবং ওয়ানডেতে একজন সেরা উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে নিজেকে তৈরি করেছে।’

দক্ষিণ আফ্রিকা ওয়ানডে দল:

কুইন্টন ডি কক (অধিনায়ক), রিজা হেনড্রিকস, তেম্বা বাভুমা, রাসি ফন ডার ডাসেন, ডেভিড মিলার, জন-জন স্মাটস, আন্দিলে ফেলুকওয়ায়ো, লুথো সিপামলা, লুঙ্গি এনগিডি, তাবরাইজ শামসি, সিসান্দা মাগালা, বিয়ন ফোরটান, বিউরান হেনড্রিকস, ইয়ানেমান মালান ও কাইল ভেরিয়ান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত