দিনদুপুরে বাসায় ঢুকে মেয়েকে বেঁধে মাকে হত্যা

আপডেট : ২২ জানুয়ারি ২০২০, ০১:৫৮ পিএম

মানিকগঞ্জ পৌরসভার দক্ষিণ সেওতা এলাকায় নিজ বাসায় দুর্বৃত্তদের হাতে খুন হয়েছেন মাহমুদা আক্তার (৪০) নামে এক নারী।

বুধবার সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশ ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

বিষয়টি মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান নিশ্চিত করেছেন।

নিহত মাহমুদা বেগম ওই এলাকার জহিরুল ইসলামের স্ত্রী। তিনি এক ছেলে ও এক মেয়ে সন্তানের জননী।

নিহতের স্বামী জহিরুল ইসলাম জানান, সকাল ৯টার দিকে তিনি নিজ বাসার ৫ তলা ভবনের ছাদে কবুতর দেখাশোনা করছিলেন। ওই সময় তার স্ত্রী মাহমুদা ও বড় মেয়ে জ্যোতি (২০) বাসায় অবস্থান করছিলেন।

১০টার দিকে তিনি ঘরে প্রবেশ করে মেয়ের হাত-পা বাঁধা দেখতে পান। পরে তার মেয়ে জানান, ৪/৫ জন দুর্বৃত্ত তার ঘরে প্রবেশ করে তাকে বেঁধে তার মাকে পাশের একটি কক্ষে হত্যা করে চলে যায়। এ সময় তারা মা-মেয়ের গলায় পরিহিত স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তার স্ত্রীর মরদেহ উদ্ধার করে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যা করেছে। তদন্ত শেষে হত্যার বিষয়টি জানা যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত