হারপিক পান করে এমপিপুত্রের ‘আত্মহত্যা’

আপডেট : ২৩ জানুয়ারি ২০২০, ০২:৩৪ এএম

খুলনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান অভিজিৎ চন্দ্র চন্দ রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল বুধবার সকালে তিনি খুলনার ডুমুরিয়ার নিজ বাড়িতে হারপিক পান করে অসুস্থ হয়ে পড়েন বলে জানিয়েছেন স্বজনরা। পরে অভিজিৎকে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার পর বিকেলে হেলিকপ্টারে ঢাকায় এনে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাতে তার মৃত্যু হয়। অভিজিৎ চন্দ্র চন্দ সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এবং খুলনা-৫ আসনের সাংসদ নারায়ণ চন্দ্র চন্দের ছোট ছেলে।

স্বজনরা জানান, বেলা ১১টার দিকে অভিজিৎ হারপিক পান করে আত্মহত্যার চেষ্টা চালান। বমি করতে থাকলে পরিবারের সদস্যরা ঘটনাটি টের পেয়ে তাকে খুমেক হাসপাতালে ভর্তি করেন।

অভিজিতের বড় ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিশ্বজিৎ চন্দ্র চন্দ গতকাল রাতে বলেন, তার ভাই অভিজিৎ বেশ কিছুদিন ধরে মানসিক বিকারগ্রস্ত ছিলেন। এ কারণে এ ঘটনা ঘটিয়েছেন। তার মরদেহ খুলনায় নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে।

সাংসদ নারায়ণ চন্দ্র চন্দ বলেন, ‘অভিজিৎ কিছুদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিল। তার নিয়মিত চিকিৎসা চলছিল। এমন অবস্থায় সে হারপিক পান করেছে।’

স্কয়ার হাসপাতালের গণসংযোগ বিভাগ থেকে জানানো হয়, বিকেল সাড়ে ৪টায় অভিজিৎকে গুরুতর অসুস্থ অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যা ৭টার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত