দশম শ্রেণির ছাত্রকে বলাৎকার, আওয়ামী লীগ নেতাসহ আটক ২

আপডেট : ২৪ জানুয়ারি ২০২০, ০৮:২৬ পিএম

কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় দশম শ্রেণির এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে আওয়ামী লীগের এক নেতা ও তার সহযোগীকে আটক করেছে পুলিশ।

আটক শেখ শহিদুল ইসলাম লালা (৪৮) উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং আলী আকবর ডেইল ইউনিয়নের ফতেহ আলী সিকদার পাড়া গ্রামের মৃত আবদু শুক্কুরের পুত্র। অপর আটক ব্যক্তি নওশাদ (২২) একই উপজেলার কৈয়ারবিল গ্রামের আবদুল মাবুদের পুত্র।

বৃহস্পতিবার রাতে তাদের আটক করেছে কুতুবদিয়া থানা-পুলিশ। অপরদিকে নির্যাতনের শিকার কিশোরটিকে গুরুতর অসুস্থ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  

এ ঘটনায় ভিকটিম ছাত্রের মা বাদী হয়ে শুক্রবার জানুয়ারি সকালে কুতুবদিয়ায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। মামলার পর আটক শহিদুল ইসলাম লালা ও নওশাদকে আদালতের মাধ্যমে কক্সবাজার জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। কুতুবদিয়া থানার ওসি দিদারুল ফেরদৌস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

মামলা সূত্রে জানা যায়, শেখ শহিদুল ইসলাম লালা ও তার সহযোগী নওশাদ বৃহস্পতিবার ওই ছাত্রকে প্রলোভন দেখিয়ে নিজের মালিকানাধীন দোকানের পেছনের কক্ষে নিয়ে তার মুখ বেঁধে কয়েক দফায় বলাৎকার করে। ছাত্রটি ব্যথায় কান্নাকাটি শুরু করলে সন্ধ্যার দিকে বিষয়টি কাউকে না বলার জন্য ভয়ভীতি দেখিয়ে বের করে দেয়। ছাত্রটি অসুস্থ অবস্থায় বাসায় গিয়ে তার পরিবারের কাছে ঘটনা খুলে বলেন এবং পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।  

ওই রাতেই পরিবারের লোকজন ও স্থানীয়রা এক জোট হয়ে শহিদুল ইসলাম লালা ও তার সহযোগীকে তাদের দোকানে আটকে রেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে রাতেই তাদের আটক করে থানায় নিয়ে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত