ভারতের রাজস্থানের জয়পুরে অনুষ্ঠিত ‘ষষ্ঠ রাজস্থান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ সেরা নির্মাতার পুরস্কার জিতলেন তৌকীর আহমেদ। ‘ফাগুন হাওয়ায়’ সিনেমার জন্য এই স্বীকৃতি উঠল তার হাতে।
এ ছাড়া বাংলাদেশের মিজানুর রহমান লাবু পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মালা ভাবি’ স্পেশাল জুরি মেনশন অ্যাওয়ার্ড অর্জন করেছে। এতে অভিনয় করার জন্য টুটুল চৌধুরী সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন।
১৮ জানুয়ারি থেকে শুরু হয় ছয় দিনব্যাপী ‘ষষ্ঠ রাজস্থান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। সমাপনী দিনে ঘোষিত হয় পুরস্কার।
আরআইএফএফ ফিল্ম ক্লাব আয়োজিত এই উৎসবে আন্তর্জাতিক জুরি হিসেবে দায়িত্ব পালন করেন ফরাসি অভিনেত্রী ও প্রযোজক মেরিয়েন বোর্গো, ভারতীয় ফিল্ম ফেস্টিভ্যালের মডারেটর ও অভিনেতা চার্লস থমসন, বাংলাদেশি লেখক ও নির্মাতা মনজুরুল ইসলাম মেঘ এবং ইরানি চলচ্চিত্র নির্মাতা হাসান নাজর।
টিটো রহমানের ‘বউ কথা কও’ গল্পের অনুপ্রেরণায় নির্মিত হয়েছে ‘ফাগুন হাওয়ায়’। প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা ও সিয়াম আহমেদ। গত বছরের ১৫ ফেব্রুয়ারি মুক্তি পায় ভাষা আন্দোলনের গল্প নির্ভর চলচ্চিত্রটি।
