বাগদাদে মার্কিন দূতাবাসে ‘সরাসরি আঘাত হেনেছে’ ৩ রকেট

আপডেট : ২৭ জানুয়ারি ২০২০, ০৯:২৪ এএম

ইরাকের বাগদাদের অত্যন্ত সুরক্ষিত ‘গ্রিন জোন’ এলাকায় মার্কিন দূতাবাসে রকেট হামলার ঘটনা ঘটেছে। তবে রকেট সরাসরি দূতাবাসে আঘাত হেনেছে কিনা এনিয়ে ভিন্ন বক্তব্য পাওয়া যাচ্ছে।

রবিবার সন্ধ্যায় চালানো এই হামলায় কেউ হতাহত হয়নি বলে দাবি করেছে মার্কিন জয়েন্ট অপারেশন কমান্ড।

এক বিবৃতিতে তারা জানিয়েছে, পাঁচটি রকেট ইরাকি রাজধানীতে দূতাবাসের নিকটবর্তী নদীতীরে আঘাত হেনেছে। কেউ হতাহত হয়নি।

তবে নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, তিনটি রকেট ‘সরাসরি মার্কিন দূতাবাসে আঘাত হেনেছে’। ডিনারের সময় একটি রকেট ক্যাফেটেরিয়ায় গিয়ে পড়ে।

আলজাজিরা জানায়, চলতি মাসে এনিয়ে তৃতীয়বারের মতো মার্কিন দূতাবাসে রকেট হামলার ঘটনা ঘটেছে। তবে এই প্রথম দূতাবাস কমপ্লেক্স সরাসরি আক্রান্ত হয়েছে।

তাৎক্ষণিক কোনো গ্রুপ হামলার দায় স্বীকার করেনি। অবশ্য মার্কিন ড্রোন হামলায় বাগদাদে ইরানি কুদস বাহিনীর কমান্ডার জেনারেল কাসেম সোলেইমানি নিহতের পর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছিল ইরাকের শিয়া মিলিশিয়ারা।

এদিকে তাৎক্ষণিক দেওয়া এক বিবৃতিতে ইরাকের প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহদি দূতাবাসে হামলার ঘটনায় নিন্দা জানিয়ে বলেন, এটি একটি ‘আগ্রাসন’ যা ‘ইরাককে যুদ্ধক্ষেত্রে পরিণত করতে পারে’।

অন্যদিকে এক বিবৃতিতে দূতাবাসের নিরাপত্তা দিতে ইরাকের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেছেন, ‘কূটনৈতিক স্থাপনা সুরক্ষার বাধ্যবাধকতা পূরণে আমরা ইরাকি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত