বান্দরবানের লামায় এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে তার স্বামী। স্ত্রী শাহিনা আক্তার (২৭) পরকীয়ায় জড়িত সন্দেহে জাকির হোসেন (৩২) এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে ভাষ্য স্থানীয় জনপ্রতিনিধির।
সোমবার ভোরে লামা উপজেলার তেলুনিয়া পাড়ায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় স্ত্রী ছাড়াও আরও দুজনকে কুপিয়ে আহত করে জাকির। পরে বিকেলে তেলুনিয়া থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
স্থানীয় আজিজনগর ইউনিয়ন চেয়ারম্যান জসিমউদ্দিন জানান, নিহত শাহিনা আক্তার ওই এলাকার প্রয়াত ইব্রাহিমের মেয়ে। জাকির হোসেন পেশায় একজন ভাড়ায়চালিত মোটরসাইকেলচালক। শাহিনা পরকীয়া করছেন সন্দেহে তাকে কুপিয়ে হত্যা করেন জাকির। এরপর একটি মুরগির খামারে ঘুমন্ত অবস্থায় মিজানুর রহমান ও সোহাগ নামে আরও দুই যুবককেও কুপিয়ে জখম করেন তিনি।
আজিজনগর পুলিশ ক্যাম্পের ইনচার্জ মুনিরুল ইসলাম জানান, নিহত শাহিনার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে।
লামা থানার ওসি (তদন্ত) মো. আমিনুল হক জানান, এ ঘটনায় নিহত শাহিনা আক্তারের মা বাদী হয়ে থানায় একটি মামলা করেন।
