অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানলে আক্রান্তদের সাহায্যার্থে আয়োজিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম।
৮ ফেব্রুয়ারি চলতি বিগ ব্যাশের ফাইনালের দিন ‘বুশফায়ার রিলিফ ম্যাচ’ নামের একটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এই ম্যাচ থেকে প্রাপ্ত অর্থ ব্যয় করা হবে দেশটিতে দাবানলে আক্রান্তদের সাহায্যার্থে।
২০০৩ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ৫৩ বছর বয়সী আকরাম। বিশ্বের অন্যতম সেরা পেসার তিনি। টেস্টে ১০৪ ম্যাচে তার উইকেট ৪১৪টি। আর ৩৫৬টি ওয়ানডে খেলে নিয়েছেন ৫০২টি! ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার হিসেবেও অবস্থান করে নিয়েছেন আকরাম।
‘বুশফায়ার রিলিফ ম্যাচ’- এ খেলবেন সাবেক তারকা অনেক ক্রিকেটার। এর মধ্যে রয়েছেন গত বছর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং।
এই ম্যাচে কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি শচীন টেন্ডুলকার ও বাংলাদেশের সাবেক বোলিং কোচ ও উইন্ডিজ কিংবদন্তি ক্রিকেটার কুর্টনি ওয়ালশ।
বুশফায়ার ম্যাচের খেলোয়াড়রা হলেন- শেন ওয়ার্ন (অধিনায়ক), রিকি পন্টিং (অধিনায়ক), অ্যাডাম গিলক্রিস্ট, অ্যালেক্স ব্ল্যাকওয়েল, অ্যান্ড্রু সাইমন্ডস, ব্র্যাড ফিটলার, ব্র্যাড হাডিন, ব্রেট লি, এলিস ভিলানি, গ্র্যাস হ্যারিস, জাস্টিন ল্যাঙ্গার, লুক হজ, ম্যাথু হেইডেন, মাইকেল ক্লার্ক, মাইক হাসি, ফোয়েবে লিচফিল্ড, শেন ওয়াটসন, যুবরাজ সিং, ওয়াসিম আকরাম।
ম্যাচটির জন্য দুটি দল গড়তে খেলোয়াড়দের আরও নাম ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।
