৫ হাজার টাকা ঘুষের বিনিময়ে পুলিশ ক্লিয়ারেন্স!

আপডেট : ২৮ জানুয়ারি ২০২০, ০৮:৫২ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য তিন থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজাহারুল ইসলাম এ অভিযোগ করেন।

মঙ্গলবার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি মির্জাপুর থানা পুলিশের বিরুদ্ধে এ অভিযোগ করেন।

উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেকের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা, মির্জাপুর প্রেস ক্লাব সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আফতার শেখসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।

ভাইস চেয়ারম্যান তার বক্তব্যে  বলেন, বিদেশগামীদের জন্য পুলিশ ক্লিয়ারেন্স আবশ্যক। এ জন্য প্রত্যেককে চালান ফর্মের মাধ্যমে সোনালী ব্যাংকে পাঁচ শ টাকা জমা দিয়ে অনলাইনে আবেদন করতে হয়। পরে আবেদনের কপি থানায় জমা দিতে গেলে সংশ্লিষ্ট ব্যক্তির কাছে থানা পুলিশ মোটা অংকের টাকা দাবি করেন। পরে দেন-দরবার করে তা সর্বনিন্ম তিন এবং সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত আদায় করা হয়।

ভাইস চেয়ারম্যানের অভিযোগের জবাবে সভায় উপস্থিত থানা পুলিশের প্রতিনিধি এসআই আফতার শেখ বলেন, অভিযোগটি খতিয়ে দেখা হবে।

ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বক্তব্যের সত্যতা স্বীকার করে বলেন, বিভিন্ন সময় পুলিশ কর্মকর্তাদের বক্তব্যে জানা যায়, থানায় জিডি করতে, পুলিশ ক্লিয়ারেন্স নিতে কোনো টাকা লাগে না। কিন্তু বাস্তবে তা হচ্ছে না।

এ ব্যাপারে মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সায়েদুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত