রংপুরে কিশোর, মানিকগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার

আপডেট : ৩০ জানুয়ারি ২০২০, ১২:১২ এএম

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জে জমি থেকে খিরা তোলাকে কেন্দ্র করে ভাতিজা পক্ষের হাতে চাচা খুন হয়েছেন। কুষ্টিয়া সদরের হরিনারায়ণপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত স্বামী। এছাড়া রংপুরের পীরগাছায় কিশোরের এবং মানিকগঞ্জের সাটুরিয়ায় উদ্ধার করা হয়েছে গৃহবধূর মরদেহ। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :

সুনামগঞ্জ : দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার মুরাদপুরে ক্ষেতের খিরা খাওয়াকে কেন্দ্র করেন ভাতিজা পক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে চাচা নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম চাঁন মিয়া (৪৬)। গতকাল বুধবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার শিমুলবাক ইউনিয়নের মুরাদপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ নিহতের চাচা সফিক মিয়াকে (৪০) আটক করেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার মুরাদপুর গ্রামের হাবিবুর রহমানের খিরাক্ষেতে গিয়ে গতকাল সকালে কয়েকটি খিরা খেয়ে ফেলে গ্রামের চাঁন মিয়ার ছেলে সানি (৮)। চাঁন মিয়া সম্পর্কে হাবিবুর রহমানের ভাতিজা। পরে হাবিবুর রহমান ও তার ছেলে পাভেলসহ কয়েকজন চাঁন মিয়ার বাড়িতে গিয়ে এ নিয়ে তাকে গালাগাল করেন। এ সময় দুপক্ষের মধ্যে তর্কাতর্কি হয়। এর একপর্যায়ে প্রতিপক্ষের এক লোক গ্রামীণ অস্ত্র ‘সুলফি’ দিয়ে চাঁন মিয়ার বুকে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

কুষ্টিয়া : গতকাল সকাল ৬টার দিকে সদর উপজেলার হরিনারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকার মহাদেবপুরের করিম বিশ্বাসের ছেলে আওয়াল মাদকের টাকার জন্য বাবা-মা ও স্ত্রীর সঙ্গে অসদাচরণ শুরু করে। একপর্যায়ে আওয়াল ঘর থেকে ধারালো অস্ত্র নিয়ে স্ত্রী ও মাকে এলোপাতাড়ি আঘাত করে। এতে স্ত্রী জাহানারা (২৮) ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত মা জোবেদা খাতুনকে (৫২) কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মানিকগঞ্জ : সাটুরিয়া উপজেলার রাইল্যা গ্রাম থেকে মুক্তা বেগম (১৯) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে মরদেহটি উদ্ধার করা হয়। মুক্তা বেগম রাইল্যা গ্রামের আলীম হোসেনের স্ত্রী।

রংপুর : পীরগাছায় নিখোঁজের পাঁচ দিন পর সুজন মিয়া (১৪) নামে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সকালে উপজেলার সাতঘড়িপাড়া একটি পুকুরপাড়ে আবর্জনা দিয়ে ঢেকে রাখা লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত সুজন উপজেলার অন্নদানগর ইউনিয়নের প্রতাবজয়সেন গ্রামের দিনমজুর ইদ্রিস আলীর ছেলে। গত ২৪ জানুয়ারি রাতে কে বা কারা মোবাইল ফোনে তাকে ডেকে নেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত