গবেষণাগারে করোনাভাইরাসের প্রতিলিপি তৈরি

আপডেট : ৩০ জানুয়ারি ২০২০, ০৫:৩৭ এএম

গবেষণাগারে সফলভাবে করোনাভাইরাসের একটি প্রতিলিপি তৈরি করেছেন বলে অস্ট্রেলিয়ার একদল বিজ্ঞানী জানিয়েছেন। চীনের বাইরে প্রথম কোনো দেশ হিসেবে অস্ট্রেলিয়াই এ ভাইরাসটি তৈরির খবর দিল। আর তাদের এ সাফল্যকে করোনাভাইরাসের প্রতিষেধক আবিষ্কারে এক ‘যুগান্তকারী পদক্ষেপ’ হিসেবেই অভিহিত করা হচ্ছে।

গতকাল বুধবার এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, মরণঘাতী করোনাভাইরাসের প্রতিষেধক আবিষ্কারের পথে এটি একটি উল্লেখযোগ্য অগ্রগতি। নতুন তৈরি ভাইরাসটি যাচাই-বাছাইয়ের জন্য ইতিমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণাগারে পাঠানো হয়েছে।

গত শুক্রবার করোনাভাইরাসে আক্রান্ত একজন রোগীর দেহ থেকে একটি নমুনা সংগ্রহ করেন মেলবোর্নের পিটার ডোহার্টি ইনস্টিটিউট ফর ইনফেকশন অ্যান্ড ইমিউনিটির গবেষকরা। এরপর প্রায় পাঁচ দিন ধরে নমুনাটি নিয়ে নানা ধরনের গবেষণা করেন তারা। অবশেষে বুধবার নতুন এই ভাইরাসটির প্রতিলিপি তৈরির ঘোষণা দেন গবেষকরা।

গবেষকদের আশা, নতুন এ ভাইরাসটি করোনার চিকিৎসায় ব্যাপক ফলপ্রসূ ভূমিকা রাখবে। তবে এ থেকে একটি ভ্যাকসিন তৈরি করতে আরও কয়েক মাস সময় লাগতে পারে।

ওই গবেষকদের একজন ডা. মাইক ক্যাটন বলেন, ‘বহু বছর ধরেই আমরা এ ধরনের একটি গবেষণার জন্য পরিকল্পনা করে আসছি। আর এ কারণেই আমরা এত দ্রুত উত্তর পেতে সক্ষম হয়েছি।’

চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে বিস্তার লাভ করা করোনাভাইরাস এরই মধ্যে মহামারী আকার ধারণের পথে রয়েছে। এখনো পর্যন্ত ভাইরাসটিতে সারা বিশ্বে ১৩২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আক্রান্ত হয়েছে ৬ হাজারেরও বেশি। মরণঘাতী এ ভাইরাসটি থাইল্যান্ড, ফ্রান্স, আমেরিকা ও অস্ট্রেলিয়াসহ অন্তত ১৬টি দেশে ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি মোকাবিলায় আলাদা করে প্রতিরোধ ব্যবস্থা ও সতর্কতা অবলম্বন করছে প্রতিটি দেশই। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত