যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যাওয়া তথা ব্রেক্সিট চুক্তির শর্তসমূহ অনুমোদন দিয়েছে ইউরোপীয় পার্লামেন্টে।
ব্রাসেলসে আবেগঘন বিতর্কের পর ৬২১-৪৯ ভোটের ব্যবধানে ব্রেক্সিট চুক্তি অনুমোদন করেন পার্লামেন্ট সদস্যরা।
বিবিসি জানায়, আগামী শুক্রবার গ্রিনিচ মান সময় রাত ১১টায় ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে আসবে যুক্তরাজ্য।
গত অক্টোবরে এই ব্রেক্সিট চুক্তি অনুমোদনের বিষয়ে একমত হয় যুক্তরাজ্য এবং ইইউ। গত সপ্তাহে এ সংক্রান্ত কমিটিতে সহজে এটি অনুমোদন পেয়ে যাওয়ায় পার্লামেন্টে পাস হওয়ার নিয়ে তেমন সংশয় ছিল না।
‘ব্রিটেন এক্সিট’কে সংক্ষেপে বলা হয় ব্রেক্সিট। ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া এটি। ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৮টি দেশ একে অন্যের সঙ্গে ব্যবসা করতে পারে, নাগরিকেরা এক দেশ থেকে অন্য দেশে যেতে পারে এবং সেখানে বসবাস করতে পারে।
প্রায় ৪০ বছর ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে থাকার পর ২০১৬ সালের জুনে একটি গণভোট আয়োজন করে যুক্তরাজ্য। অধিকাংশ ভোটার ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার পক্ষে ভোট দেন। এই ভোটের পর সেখানকার রাজনীতি রীতিমতো এলোমেলো হয়ে গেছে।
