দিল্লিতে জামিয়া মিলিয়ার বিক্ষোভকারী শিক্ষার্থীদের মিছিলে প্রকাশ্যে গুলি চালায় এক যুবক। হামলার আগে ফেসবুকে লাইভে এসে হামলার হুমকি দেয় সে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, বন্দুকধারী ওই যুবক উত্তরপ্রদেশের গৌতমবুদ্ধ নগরের বাসিন্দা। ফেসবুকে সে রামভক্ত গোপাল বলে একটি প্রোফাইল চালায়। সেখানে লাইভে এসে বারবার হামলার হুমকি দেয়
এদিকে মিছিলে গুলি চালানোর ঘটনার ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, ‘কে আজাদি চায়, আমি আজাদি দেব, এই নাও আজাদি’ বলতে বলতে গুলি চালাচ্ছিল সে।
হামলার কয়েক মিনিট আগে পিস্তল উঁচিয়ে লাইভও এসেছিল গোপাল। সেখানে সে ‘বদলা’ নেওয়ার কথা ঘোষণা করে। পোস্টে লিখেছিল, ‘শাহিনভাগ খেল খতম।’
তবে এই ভিডিও এবং বন্দুক হাতে তার আরও ছবি ভাইরাল হলে প্রোফাইলটি বন্ধ করে দেয় সে।
বৃহস্পতিবার মহাত্মা গান্ধীর ৭২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিছিল বের করেছিল জামিয়ার শিক্ষার্থীরা। এতে যোগ দেয় সাধারণ মানুষও। সে সময় পুলিশের উপস্থিতিতে মিছিলকে লক্ষ্য করে গুলি চালায় ১৯ বছর বয়সী গোপাল।
এদিন গোপালের গুলিতে আহত হন কাশ্মীরি শিক্ষার্থী শাদাব ফারুক নামের এক ছাত্র। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে
এই ঘটনায় পুলিশের নীরব ভূমিকার সমালোচনা করেন আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, বিক্ষোভকারীদের আটকাতে ব্যারিকেড বসায় পুলিশ। মিছিল নিয়ে এগোতে না পারায় রাস্তার ওপরই বসে পড়েন আন্দোলনকারীরা। তখনই পুলিশি নিরাপত্তা টপকে পিস্তল হাতে মিছিলের একেবারে সামনে চলে আসে গোপাল। আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি চালায় সে।
ছবি ও ভিডিওতে দেখা যায়, বন্দুকধারীর পেছনে কিছু দূরেই ছিল পুলিশ টিম। বন্দুকধারীকে বাধা দেয়ার বদলে পুলিশ কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করে বলে অভিযোগ বিক্ষোভকারীদের।
আরও পড়ুন ‘এই নাও আজাদি’ বলে জামিয়ার মিছিলে প্রকাশ্যে গুলি, উত্তেজনা (ভিডিও)
