বিসিএলে অধিনায়কত্বের অনুশীলনও সারতে চান মুমিনুল

আপডেট : ৩০ জানুয়ারি ২০২০, ০৭:৩৫ পিএম

ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণির ক্রিকেট আসর বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) মাঠে গড়াচ্ছে শুক্রবার। পাকিস্তানের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম টেস্ট খেলতে যাওয়ার আগে এই ম্যাচে খেলবেন জাতীয় দলের ক্রিকেটাররা। বলতে গেলে প্রথম শ্রেণির ক্রিকেটের মোড়কে জাতীয় দলের ক্রিকেটারদের জন্য পাকিস্তান সফরের প্রস্তুতিও এটি।

বাংলাদেশের সর্বশেষ টেস্ট সিরিজের অধিনায়ক মুমিনুল হক তাই বিসিএলের প্রথম রাউন্ডের ম্যাচটিকে বেশ গুরুত্ব দিচ্ছেন।

সাকিব আল হাসান নিষিদ্ধ হওয়ায় ভারত সফরে মুমিনুলকে টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। ধারণা করা হচ্ছে পাকিস্তানেও টেস্ট দলের আর্ম ব্যান্ড থাকবে তার হাতে। মুমিনুল তাই বিসিএলের প্রথম রাউন্ড শুধুই একজন ক্রিকেটার হিসেবে খেলবেন তা নয়। বলছেন, অধিনায়কত্বে প্রস্তুতি সারতে চান তিনি এখানে।

শুক্রবার দেশের দুই ভেন্যু- ঢাকা ও চট্টগ্রামে অনুষ্ঠিত হবে প্রথম রাউন্ডের দুটি ম্যাচ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিসিবি উত্তরাঞ্চল খেলবে বিসিবি দক্ষিণাঞ্চলের বিপক্ষে। অন্যদিকে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে ওয়ালটন মধ্যাঞ্চল ও ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল। মুমিনুল খেলবেন পূর্বাঞ্চলের হয়ে।

বিসিএল শুরুর আগে বৃহস্পতিবার ছিল আসরের ট্রফি উন্মোচন। পূর্বাঞ্চলের পক্ষে ‍মুমিনুল হক ও মধ্যাঞ্চলের পক্ষে নাজমুল হোসেন শান্ত অংশ নেন ট্রফি উন্মোচন ও ফটোসেশনে। পরে সংবাদমাধ্যমে কথা বলেন মুমিনুল।

এ সময় পাকিস্তান সফরের আগে বিসিএলকে প্রস্তুতির ভালো মঞ্চ উল্লেখ করেন মুমিনুল। বলেন, ‘টেস্টের আগে একটা ভালো প্রস্তুতি দরকার ছিল। আমার কাছে মনে হয়, বিসিএলে খেললে ভালো একটা প্রস্তুতি হবে। অবশ্যই কাজে দেবে। আন্তর্জাতিক ম্যাচ খেলার আগে যেকোনো একটা টুর্নামেন্ট খেললে এটা অনেক কাজে দেয়।’

পাকিস্তানে টেস্ট দলে থাকতে পারেন এমন অনেক ক্রিকেটার আছেন পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে। টেস্ট সিরিজের আগে তাই সতীর্থরা কে কেমন ছন্দে আছেন বিষয়টি বুঝতে পারবেন মুমিনুল।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আপনি একটা ভালো এনালিস্ট করছেন আমার মনে হয়। আমি অধিনায়ক হিসেবে জিনিসটা ভালোভাবে দেখতে পারব। কে কীভাবে খেলে, কে কীভাবে থাকে...। এটা ভালো একটা সুযোগ আমার মনে হয়।’

‘বিসিএলে আমি যে বোলারদের সাথে খেলব ওদের হয়তো টেস্টে আমি পাব না। হয়তো কাউকে পাব, কাউকে পাব না। তো ওভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে। বিসিএলে যে চার দিনের ম্যাচ হয়, সেখানে আমার অধিনায়কত্বের অনুশীলন হয়। সেটা আমার জন্য ভালো... টেস্টে অধিনায়কত্বের জন্য।’

কোনো সিরিজের আগে ম্যাচ অনুশীলন সব সময় গুরুত্বপূর্ণ। মুমিনুল সেই প্রসঙ্গ টেস্টে বিসিএল ম্যাচ নিয়ে বললেন, ‘আমার কাছে মনে হয় ম্যাচ অনুশীলন অনেক বেশি গুরুত্বপূর্ণ। অনুশীলনের চেয়ে যে ম্যাচটি হয় সেটা আমার মনে হয় হান্ড্রেডের বেশি। আপনি সারা বছর অনুশীলন করলেন, কিন্তু ম্যাচ না খেললে কোনো লাভ নেই। অনুশীলন করার চাইতে যদি ম্যাচ খেলেন সেটা অনেক কাজে দেয়।’

প্রথম ধাপে পাকিস্তান সফর থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে ফিরেছে বাংলাদেশ দল। ফেব্রুয়ারির শুরুর দিকেই দ্বিতীয় ধাপে একমাত্র টেস্ট খেলতে যাবে টাইগাররা। রাওয়ালপিন্ডিতে ৭ ফেব্রুয়ারি শুরু হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত