রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় ব্যাংক জালিয়াতির মাধ্যমে বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়া সংঘবদ্ধ প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। এদের মধ্যে একজন ইউপি সদস্যও রয়েছেন। নারায়ণগঞ্জে অবস্থিত র্যাব-১১ সদর দপ্তরের একটি দল গত বুধবার রাতে কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করে।
এ সময় তাদের কাছ থেকে অস্ত্র-গুলিসহ বিভিন্ন ব্যাংকের বিপুল পরিমাণ ভুয়া সিল, লেনদেনের রসিদ এবং জালিয়াতির কাজে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র্যাব-১১ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে জানানো হয় এসব তথ্য।
আাটক ইদ্রিস মিয়া, ইউপি সদস্য মমিনুল ইসলাম, আবু বক্কর সালাফি ও রুবেল। তাদের বাড়ি কুমিল্লার বিভিন্ন থানায়।
র্যাব-১১-এর সিনিয়র সহকারী পরিচালক আলেপ উদ্দিন জানান, চক্রটি গত চার বছরে বিভিন্ন ব্যাংকের শাখা ও এটিএম বুথ থেকে কোটি টাকারও বেশি অর্থ অবৈধভাবে হাতিয়ে নিয়েছে বলে জানিয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
