সাভারের আশুলিয়ায় ছোট ভাইয়ের জন্মদিন উদ্যাপন করতে গিয়ে অতিরিক্ত মদ্যপান করে বড় ভাই মেহেদি হাসানের (২১) মৃত্যু হয়েছে। এঘটনায় ছোট ভাই জাহিদ হাসানও গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার দুপুরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক রেজাউল হক বড় ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, জাহিদ হাসানও গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিউ) চিকিৎসাধীন রয়েছেন।
জানা যায়, গত বুধবার রাতে আশুলিয়ার আউকপাড়ার নিজ বাড়িতে জন্মদিন উদ্যাপন করার সময় এ ঘটনা ঘটে। পরে সেদিনই হাসপাতালে নেওয়া হলে বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মেহেদির মৃত্যু হয়। মেহেদি ও জাহিদ ওই এলাকার আহমদ আলীর ছেলে।
নিহতের স্বজনেরা জানায়, জন্মদিনের পার্টি উদ্যাপন করার সময় অতিরিক্ত মদ্যপান করে তারা দুই ভাই হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পরে তাদেরকে চিকিৎসার জন্য দ্রুত এনাম মেডিকেলে ভর্তি করা হয়।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) লোকমান হোসেন বলেন, এ বিষয়ে অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
