অমর একুশে বইমেলা ২০২০ উপলক্ষে কবি ও সাংবাদিক জান্নাতুল ফেরদৌস পান্নার কাব্যগ্রন্থ ‘সুদূর পথের বাঁক পেরিয়ে’ প্রকাশ হয়েছে। পাওয়া যাবে মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে দোয়েল প্রকাশনীর ২১৫ ও ২১৬ নম্বর স্টলে। এ ছাড়া মিলবে বাংলা একাডেমি প্রাঙ্গণের ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্টলে।
পান্না জানান, ‘সুদূর পথের বাঁক পেরিয়ে’ শিরোনাম কবিতাটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা। রয়েছে এই মনীষীকে নিয়ে একাধিক কবিতা। আছে প্রেম ও দ্রোহের কবিতা।
‘সুদূর পথের বাঁক পেরিয়ে’ সম্পর্কে প্রকাশক তাপস কর্মকার বলেন, “কাব্যগ্রন্থটিতে অসাধারণ কিছু কবিতা রয়েছে। যা পাঠককে কখনো অশ্রুসিক্ত, কখনো আবেগঘন আবার কখনো অমলিন স্মৃতিতে ফিরিয়ে নিয়ে যাবে। আমি বইটির সার্বিক সাফল্য কামনা করি।”
এর আগে জান্নাতুল ফেরদৌস পান্নার তিনটি কাব্যগ্রন্থ প্রকাশ হয়েছে- আমার দু’চোখে স্বাধীনতার স্বপ্ন (২০০৬), আকাশ সমুদ্রের ঢেউ (২০১২) ও বিবর্ণ সময় (২০১৬)। সাত নারী কবির লেখা ‘সপ্ত শৈলী’ নামে একটি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশ হয় ২০১৬ সালের একুশে বইমেলায়, যাদের অন্যতম পান্না। কবিতা ছাড়াও ছড়া, ছোট গল্প ও প্রবন্ধে সিদ্ধহস্ত তিনি। এরই মধ্যে তার দুটি ছড়ার বই প্রকাশ হয়েছে।
