তামিম-সৌম্যর সঙ্গে পাকিস্তানের বিপক্ষে ফিরলেন রুবেল

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২০, ০৬:৩৮ পিএম

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম টেস্টের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বশেষ ভারত সফরের মতো পাকিস্তানেও টেস্ট দলকে নেতৃত্ব দেবেন মুমিনুল হক।

শনিবার ঘোষিত ১৪ সদস্যের দলে ফিরেছেন তামিম ইকবাল, সৌম্য সরকার ও রুবেল হোসেন। সবশেষে ভারত সফরে তামিম ছিলেন না পারিবারিক কারণে। সৌম্য টি-টোয়েন্টি দলে থাকলেও টেস্ট সিরিজে ছিলেন না। রুবেল ছিলেন না কোনো দলেই। এই তিন ছাড়া নাজমুল হোসেন শান্তও ডাক পেয়েছেন দলে।

সবশেষ সিরিজ থেকে বাদ পড়েছেন মোট ৫ ক্রিকেটার। নিজেকে সরিয়ে নেওয়া মুশফিকুর রহিমকে ধরলেন অবশ্য সংখ্যাটা ৬। অন্য পাঁচ ক্রিকেটার হলেন- অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ, ওপেনার সাদমান ইসলাম, ইমরুল কায়েস, অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত ও পেসার মোস্তাফিজুর রহমান।

আগের দিনই অবশ্য প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছিলেন, ইনজুরির কারণে থাকছেন না মিরাজ ও সাদমান। ইমরুল ও মোসাদ্দেকের না থাকাটাও ইনজুরির কারণেই।

মোস্তাফিজ ভারতের বিপক্ষে টেস্ট স্কোয়াডে থাকলেও কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি। এবার তাকে স্কোয়াড থেকেই ছেঁটে ফেলা হয়েছে।

সাদমান, ইমরুলের না থাকায় তামিম, সৌম্য তাদের জায়গা পূরণ করবেন। তবে ওপেনার আছেন আরো দুজন- শান্ত ও সাঈফ। শান্ত ভারত সফরে ছিলেন না। আর সাঈফ ভারত সফরে থাকলেও কলকাতা টেস্টের আগে ইনজুরির কারণে ছিটকে যান। এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি তার।

৭ থেকে ১১ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে দুই দলের টেস্ট ম্যাচটি। দ্বিতীয় ধাপে পাকিস্তান সফরে গিয়ে টেস্টটি খেলেই ফিরে আসবে বাংলাদেশ দল। এরপর একটি ওয়ানডে ও টেস্ট চ্যাম্পিয়নশিপের বাকি ম্যাচটি খেলতে এপ্রিলে পাকিস্তান যাবে টাইগাররা।

এর আগে প্রথম ধাপে পাকিস্তানে টি-টোয়েন্টি সিরিজ খেলে এসেছে বাংলাদেশ দল।

১৪ সদস্যের বাংলাদেশ দল:

মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন, আবু জায়েদ রাহী, আল-আমিন হোসেন, রুবেল হোসেন ও সৌম্য সরকার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত