বাকেরগঞ্জে কথিত ফকিরের বিরুদ্ধে চিকিৎসার অজুহাতে কালাম মৃধা (৪৮) নামে এক ব্যক্তিকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে। জিনের আছর ছাড়ানোর নামে গত শুক্রবার দুই দফা তাকে পানিতে চুবিয়ে লুকিয়ে রাখার পর ওই রাতেই তার লাশ পার্শ¦বর্তী বাগানে ফেলে রাখা হয়।
এ ঘটনার পর অভিযুক্ত রিয়াজ ফকির ও তার সহযোগীরা আত্মগোপন করলেও রিয়াজের বোন অনিকা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেছে। নিহত কালাম মৃধা পটুয়াখালী জেলার বদরপুর ইউনিয়নের খলিশাখালী গ্রামের মৃত তুজম্বর মৃধার ছেলে।
নিহত কালামের স্ত্রী পারভীন বেগম জানান, সাম্প্রতিক সময়ে তার স্বামী অস্বাভাবিক আচরণ করছিলেন। জিনে ধরেছে ধারণা করে এর আছর ছাড়াতে স্বামীকে নিয়ে গত শুক্রবার সকালে বাকেরগঞ্জ উপজেলার আউলিয়াপুর গ্রামের রিয়াজ ফকিরের কাছে নিয়ে যান। ওইদিন সকাল ১০টায় এবং বিকেল ৪টায় রিয়াজ ফকির তার বাড়ির পুকুরে দুই দফা তার স্বামীকে চুবায় এবং লাঠি দিয়ে মারধর করে। পরে রাতেই কালামের মৃত্যু হলে রিয়াজ ফকির বাড়ির পাশে একটি বাগানে নিয়ে তার লাশ ফেলে রাখে। গত শুক্রবার সকালে প্রতিবেশীরা বাগানে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
