খোঁজ মেলেনি কদমতলীতে আবর্জনার খালে ডুবে যাওয়া আশামণির

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২০, ১২:০০ এএম

দুই দিন হয়ে গেলেও এখনো খোঁজ মেলেনি রাজধানীর কদমতলীতে আবর্জনার খালে ডুবে যাওয়া পাঁচ বছরের আশামণির।

শনিবার বিকেলে খেলতে গিয়ে খালে পড়ে যায় শিশুটি। সে মা–বাবার সঙ্গে রাজধানীর কদমতলীর মেরাজনগরের একটি বাসায় থাকত। বাবা মো. এরশাদের একটি কনফেকশনারির দোকান রয়েছে।

শিশুটির মামা মো. মোশাররফ বলেন, বাসার পাশেই একটি খালি প্লটে শিশুরা বিকেলে খেলাধুলা করে। তার পাশেই খালটি। গতকাল বিকেলে খেলতে গেলে বল খালে পড়ে যায়। সেখানে খেলতে যাওয়া অন্য শিশুরা বলেছে, বলটি তুলতে আশামণি খালের কিনারায় যায়। এরপর বুঝতে না পেরে ময়লায় ঢাকা একটি জায়গায় পা দেয়। তখনই সে খালে তলিয়ে যায়।

মোশাররফ জানান, শিশুটির খোঁজ না পেয়ে মা–বাবার পাগলপ্রায় দশা। ওই দিন বিকেলেই ফায়ার সার্ভিসের দুজন ডুবুরি এসেছিলেন। কিন্তু তারা বেশি সময় খুঁজতে পারেননি। রোববার সকালে একজন আসেন। দুপুরে আসেন আরেকজন। তাদের খোঁজায় গা-ছাড়া ভাব ছিল বলে তার অভিযোগ।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, শনিবার বিকেল চারটায় খবর পেয়েই ফায়ার সার্ভিসের ডুবুরিরা সেখানে যান। রবিবারও সারা দিন খোঁজ করে পাননি। কাল আবারও তারা যাবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত