বরিশালে চীন ফেরত শিক্ষার্থীকে নিয়ে করোনাভাইরাসের গুজব

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২০, ০৭:০৭ পিএম

বরিশালে চীনের সাংহাই শহ‌র থেকে ফেরত আসা মেডিকেলে পড়ুয়া শিক্ষার্থী হেলাল শিকদারকে নিয়ে করোনাভাইরাস ছড়ানোর গুজব তুলেছে এলাকাবাসী। তবে চিকিৎসকেরা বলেছেন ওই শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত নয়। গুজব না ছড়াতের আহ্বান জানিয়েছেন চিকিৎসকেরা।

সোমবার সকালে একটি মেডিকেল টিম চীন থেকে আশা মেডিকেল শিক্ষার্থীর স্বাস্থ্য পরীক্ষা করে গুজব না ছড়াতে আহ্বান জানান।

বরিশাল জেলার গৌরনদী পৌর এলাকার উত্তর পালরদী মহল্লার নিজ বাড়িতে ফেরার পর এলাকাবাসীর মধ্যে করোনাভাইরাসের গুজব ছড়িয়ে পরেছে।

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সায়িদ মুহাম্মদ আমরুল্লাহ বলছেন, আতঙ্কের কোন কারণ নেই। চীন ফেরত ওই শিক্ষার্থীর মেডিকেল চেক আপ করা হয়েছে। তার মধ্যে কোন করোনাভাইরাসের লক্ষণ পাওয়া যায়নি।

জানা যায়, গৌরনদী পৌরসভার উত্তর পালরদী মহল্লায় সৌদিপ্রবাসী জালাল শিকদারের পুত্র হেলাল শিকদার চীনের থংচি ইউনিভার্সিটির এমবিবিএস পঞ্চম বর্ষের শিক্ষার্থী। চীনে করোনাভাইরাসের আতঙ্ক দেখা দেওয়ার পর গত ৩১ জানুয়ারি শ্রীলঙ্কা এয়ারলাইনস এর একটি বিমানে শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশে আসেন। শ্রীলঙ্কার এয়ারপোর্টে তার যাবতীয় স্বাস্থ্য পরীক্ষা করা হয়। ১ ফেব্রুয়ারি হেলাল বাড়িতে ফিরলে তার প‌রিবা‌রের লোকজন অন্যত্র চলে যান। গত রোববার রাতে বিষয়টি জানাজা‌নির পর গ্রামবাসীর মধ্যে করোনাভাইরাসে আক্রান্তের গুজব ছড়িয়ে প‌রে।

চীন ফেরত শিক্ষার্থী হেলাল জানিয়েছেন, গত ১ ফেব্রুয়ারি তিনি চীন থেকে নিজ বাড়িতে আসেন। চীন থেকে ফেরার পথে তার স্বাস্থ্য পরীক্ষাসহ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা ও স্ক্যান করা হয়েছে। এতে তার শরীরে করোনাভাইরাসের কোন আলামত পাওয়া যায়নি। পরবর্তীতে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে পরিবারের সকল সদস্যদের থেকে ১৪দিন আলাদা থাকার ব্যবস্থা করেন। একপর্যায়ে তার বাবা, মা, বোনসহ অন্যান্য সদস্যরা বাড়ি থেকে অন্যত্র চলে যান। বিষয়টি রোববার সন্ধ্যার পরে এলাকায় জানাজানি হলে করোনাভাইরাসের গুজব ছড়িয়ে পরে।

এ ব্যাপারে গৌরনদী মডেল থানার ওসি গোলাম ছরোয়ার বলেন, বিষয়টি রোববার রাতে শোনার পরেই চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে। তারা চীন ফেরত ওই ছাত্রের সঙ্গে কথা বলে ও তার স্বাস্থ্য পরীক্ষার সকল কাগজপত্র এনে চিকিৎসকদের দেখিয়ে নিশ্চিত হয়েছেন হেলাল শিকদারের শরীরে করোনাভাইরাসের কোন আলামত নেই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান জানান, বিষয়টি নিয়ে জেলা প্রশাসন ও সিভিল সার্জনের সঙ্গে কথা বলে সোমবার সকালে চীন ফেরত মেডিকেল ছাত্র হেলাল শিকদারের স্বাস্থ্য পরীক্ষার জন্য একটি মেডিকেল টিম পাঠানো হয়েছিল। তারা হেলাল শিকদারের স্বাস্থ্য পরীক্ষার পর করোনাভাইরাসের কোন লক্ষণ পাননি। তাই হেলাল শিকদারকে নিয়ে করোনাভাইরাসের কোন আতঙ্ক নেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত