এইচএসসি পরীক্ষার্থীসহ সড়কে ৪ জন নিহত

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২০, ০২:০৯ এএম

বগুড়ার শিবগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এইচএসসি পরীক্ষার্থীসহ দুজন নিহত হয়েছেন। গতকাল সোমবার সকাল ১০টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের মোকামতলা বাজারের অদূরে চৌকিরঘাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার দেওয়ানাই সাহাপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে হানজেলা হোসেন (২৪) ও মুরাদপুর গ্রামের খাইরুল ইসলামের ছেলে এইচএসসি পরীক্ষার্থী মোহাম্মদ রনি (১৮)।

প্রত্যক্ষদর্শীরা জানান, হানজেলা ও রনি মোটরসাইকেলযোগে মোকামতলা বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে পাবনাগামী পাথরবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই দুজন মারা যান। স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশে খবর দেয়। দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়।

গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি আবদুল কাদের জিলানী জানান, বেপরোয়া গতিতে মোটরসাইকেলটি চালানোর কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির নিচে ঢুকে যায়। নিহত দুই যুবকের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আরও দুজন নিহত হয়েছেন। গতকাল সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত দুর্ঘটনাগুলো ঘটে। এর মধ্যে লালমনিরহাটের হাতীবান্ধায় ট্রাকের ধাক্কায় এক যুবক নিহত

হয়েছেন। মাগুরার শ্রীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় এক নারী পোশাকশ্রমিক নিহত হয়েছেন। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরে

হাতীবান্ধায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত : লালমনিরহাটের হাতীবান্ধায় ট্রাকের ধাক্কায় আনোয়ার হোসেন (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল সোমবার দুপুরে উপজেলার বড়খাতা এলাকার লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আনোয়ার হোসেন উপজেলার দোলাপাড়া গ্রামের ওমর আলীর ছেলে। স্থানীয়রা জানান, ব্যাটারিচালিত একটি অটোরিকশায় করে বড়খাতা বাজারের দিকে যাচ্ছিলেন আনোয়ার হোসেন। পথিমধ্যে পাথরবোঝাই একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আনোয়ার হোসেনের মৃত্যু হয়।

হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক জানান, ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে গাড়ির চালক পালিয়ে গেছে।

মাগুরায় সড়ক দুর্ঘটনায় নারী পোশাকশ্রমিক নিহত : মাগুরার শ্রীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় আঞ্জু বেগম (২৮) নামে এক নারী পোশাকশ্রমিক নিহত হয়েছেন। গতকাল সোমবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার রামচন্দ্রপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আঞ্জু বেগম করন্দী গ্রামের মোহাম্মদ মানিক শেখের স্ত্রী। স্থানীয় সান অ্যাপারেলস গার্মেন্টস নামে একটি পোশাক কারখানায় কাজ করতেন তিনি।

শ্রীপুর থানার ওসি মোহাম্মদ মাহাবুবুর রহমান দেশ রূপান্তরকে জানান, সোমবার সকালে স্বামীর সঙ্গে মোটরসাইকেলে করে কারখানায় যাচ্ছিলেন আঞ্জু বেগম। মোটরসাইকেলটি রামচন্দ্রপুর ব্রিজের কাছে পৌঁছালে দ্রুতগতির একটি মাইক্রোবাসকে সাইট দিতে গিয়ে ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন আঞ্জু বেগম। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা আঞ্জু বেগমকে মৃত ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত