‘মানসিক অবসাদ’ কাটিয়ে অস্ট্রেলিয়া দলে ম্যাক্সওয়েল

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২০, ০২:৪৩ পিএম

মানসিক অবসাদে ভোগার কারণ দেখিয়ে ক্রিকেট থেকে বিরতি নিয়েছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। সে সমস্যা কাটিয়ে বিগ ব্যাশ ক্রিকেট লিগে দেখিয়েছেন দারুণ পারফরম্যান্স। তাতে দক্ষিণ আফ্রিকা সফরের জন্য অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের দলে ডাক পেয়েছেন এই ব্যাটিং অলরাউন্ডার।

চলতি মাসের মাঝামাঝিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা যাবে অস্ট্রেলিয়া দল। উভয় ফরম্যাটের দলেই জায়গা পেয়েছেন ম্যাক্সওয়েল। তার সঙ্গে দলে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার মিচেল মার্শও।

এবারের বিগ ব্যাশে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হলেও দক্ষিণ আফ্রিকা সফরের দলে জায়গা হয়নি মিডল অর্ডার ব্যাটসম্যান মিচেল স্টয়নিসের।

ম্যাক্সওয়েল অস্ট্রেলিয়ার হয়ে সবশেষ মাঠে নেমেছিলেন গত বছরের অক্টোবরে। এরপর মানসিক অবসাদের কারণ দেখিয়ে ক্রিকেট থেবে বিরতি নিয়েছিলেন তিনি। এরমধ্যে মেলবোর্ন স্টারসের হয়ে বিগ ব্যাশে মাঠে ফেরেন ডানহাতি এই ব্যাটসম্যান। তাতে দারুণ নৈপুণ্য দেখান ১১০টি ওয়ানডে ও ৬১টি টি-টোয়েন্টি খেলা এই ক্রিকেটার।

মিচেল মার্শ অস্ট্রেলিয়ার হয়ে সবশেষ খেলেছেন গত সেপ্টেম্বরে অ্যাশেজ সিরিজে। সবশেষ ওয়ানডে খেলেছেন আরও আগে, ২০১৮ সালের জানুয়ারিতে। আর টি-টোয়েন্টি খেলেছেন ২০১৮ সালের অক্টোবরে। দীর্ঘ সময় পর জাতীয় দলের হয়ে সীমিত ওভারের ক্রিকেটে ফেরা হচ্ছে তার।

জোহান্সবার্গে ২২ ফেব্রুয়ারি সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দল দুটি। পোর্ট এলিজাবেথে ২৩ ফেব্রুয়ারি দ্বিতীয় ওয়ানডে। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ২৭ ফেব্রুয়ারি ক্যাপ টাউনে।

পার্লে ২৯ ফেব্রুয়ারি তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে ৪ ও ৭ মার্চ।

অস্ট্রেলিয়া ওয়ানডে দল: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), শেন অ্যাবট, অ্যাস্টন অ্যাগার, অ্যালেক্স কারেই, প্যাট কামিন্স, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ঝাই রিচার্ডসন, ক্যান রিচার্ডসন, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা

অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি দল: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যাস্টন অ্যাগার, অ্যালেক্স কারে, প্যাট কামিন্স, জশ হেইজেলউড, মার্নাস লাবুশেনে, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ক্যান রিশার্ডসন, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা

×
সর্বশেষ সর্বাধিক পঠিত