সাভারে যৌতুকের টাকা না পেয়ে মোছা. রেখা আক্তার (২২) নামে এক গৃহবধূকে শরীরে পেট্রল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে।
এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করে সাত দিনের পুলিশ রিমান্ড চেয়ে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
সোমবার দুপুরে যৌতুকের টাকা না পেয়ে ওই গৃহবধূকে শরীরে পেট্রল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা চেষ্টার করে স্বামী কাউসার ও শ্বশুর বাদশা মিয়া।
এ ঘটনায় অগ্নিদগ্ধ গৃহবধূ রেখার দুলাভাই মো. নুরুজ্জামান বাদী হয়ে মঙ্গলবার সাভার মডেল থানার একটি মামলা দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, পাঁচ বছর আগে সাভারের আমিন বাজার বেগুনবাড়ি এলাকার বাদশা মিয়ার ছেলে কাউসারের সঙ্গে পারিবারিক ভাবে রেখার বিয়ে হয়। তাদের ৮ মাস বয়সের একটি মেয়ে সন্তান রয়েছে। এদিকে বিয়ের পর থেকেই স্বামী কাউসার ও তার বাবা বাদশা মিয়া রেখার পরিবারের কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিল। বিভিন্ন সময়ে যৌতুকের টাকার জন্য স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন রেখাকে শারীরিকভাবে নির্যাতন করায় কিছুদিন আগে তাদের পরিবার কাউসারকে ৭০ হাজার টাকা দেয়। কিন্তু দাবিকৃত যৌতুকের বাকি টাকার জন্য রেখাকে বিভিন্ন সময় মারধর করতো কাউসার।
এরই ধারাবাহিকতায় গত সোমবার আবারও রেখাকে পঞ্চাশ হাজার টাকা যৌতুকের জন্য নিয়ে আসতে বলে কাউসার। কিন্তু রেখা তার কথায় রাজি না হওয়ায় সোমবার দুপুরে তার শ্বশুর বাদশা মিয়া রেখার শরীরে পেট্রল ঢেলে দেয় এবং স্বামী কাউসার দিয়াশলাইয়ের কাঠি জ্বালিয়ে আগুন ধরিয়ে দেয়। রেখার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তার বাবার বাড়িতে খবর দেন এবং অগ্নিদগ্ধ গৃহবধূকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টার ঘটনায় মামলা দায়ের হয়েছে। প্রধান আসামি কাউসারকে গ্রেপ্তার করে সাত দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
এ ছাড়া মামলার অপর আসামি রেখার শ্বশুর বাদশা মিয়াকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
