হবিগঞ্জে ইউপি চেয়ারম্যানের ১০ বছর কারাদণ্ড

কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ায় দুজনের মৃত্যুদণ্ড

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২০, ১১:২৮ পিএম

প্রতিবেশী তরুণীকে হত্যা মামলায় কিশোরগঞ্জে তরুণকে মৃত্যুদণ্ড এবং স্ত্রীকে হত্যার দায়ে ব্রাহ্মণবাড়িয়ায় স্বামীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। এছাড়া হবিগঞ্জে অস্ত্র মামলায় ইউপি চেয়ারম্যানকে দেওয়া হয়েছে ১০ বছরের কারাদণ্ড। প্রতিনিধিদের পাঠানো খবর :

কিশোরগঞ্জ : তাড়াইলে সরুফা ওরফে মারুফা আক্তার (১৯) হত্যা মামলায় মো. বাচ্চু মিয়াকে (৩২) মৃত্যুদ- দিয়েছে আদালত। এ মামলার অন্য দুই আসামি হিমা আক্তার (৩২) ও রতন মিয়াকে (৩৭) বেকসুর খালাস দেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার সকালে আসামিদের উপস্থিতিতে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ রায় দেন। মৃত্যুদণ্ডে দণ্ডিত মো. বাচ্চু মিয়া তাড়াইল উপজেলার জাওয়ার ইউনিয়নের রতনপুর গ্রামের রইছউদ্দিনের ছেলে। নিহত মারুফা আক্তার একই গ্রামের আবদুর রাশিদের মেয়ে।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৩ সালের ১১ মে ভোরে পতিত নালার ঝোপে হাত বাঁধা অবস্থায় সরুফা ওরফে মারুফা আক্তারের গলাকাটা লাশ পাওয়া যায়। মারুফার বাবা এ ব্যাপারে তাড়াইল থানায় মামলা করলে তদন্তে বের হয়ে আসে প্রতিবেশী হিমা আক্তারকে ফাঁসাতে বাচ্চু মিয়া এ খুন করে। পরে বাচ্চু মিয়াকে গ্রেপ্তার করলে খুনের কথা স্বীকার করে সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

ব্রাহ্মণবাড়িয়া : যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার দায়ে শাহীন মিয়া নামে এক ব্যক্তিকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-১ আদালতের বিচারক মাফরোজা পারভীন এ আদেশ প্রদান করেন।

আদালত সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বেতবাড়িয়া গ্রামের হাবিবুর রহমানের মেয়ে ফেরদৌসা বেগমকে যৌতুক নিয়ে ২০০৯ সালে বিয়ে করে পৌর এলাকার গোকর্ণঘাট গ্রামের নাসির মিয়ার ছেলে শাহীন মিয়া। কিন্তু আরও যৌতুকের দাবিতে ২০১১ সালের ২৩ এপ্রিল ফেরদৌসাকে পিটিয়ে এবং শ্বাসরোধে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার চালায় শাহীন।

হবিগঞ্জ : অস্ত্র মামলায় শায়েস্তাগঞ্জ ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বুলবুল খানকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন হবিগঞ্জ বিশেষ ট্রাইব্যুনাল আদালত-৪-এর বিচারক মোহাম্মদ শহিদুল আমিন। গতকাল মঙ্গলবার দুপুরে তিনি এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, র‌্যাব-৯-এর শ্রীমঙ্গল ক্যাম্পের সদস্যরা ২০১২ সালের ১৫ মার্চ রাতে নিশাপট গ্রামে চেয়ারম্যান বুলবুলের বাড়িতে অভিযান চালিয়ে অবৈধ রিভলবার উদ্ধারের পর মামলা করে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত