দুই ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগ

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২০, ১১:৩৩ পিএম

ফেনীর সোনাগাজীতে সোনালী ব্যাংক শাখার দুই কর্মকর্তার বিরুদ্ধে গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।

এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত নারী গ্রাহক রৌশন আরা বেগম মঙ্গলবার দুদক চেয়ারম্যান, সোনালী ব্যাংকের চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ সরকারি বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা গেছে, উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের সাবেক পরিবার কল্যাণ সহকারী রৌশন আরা বেগম সোনালী ব্যাংক সোনাগাজী শাখার একজন নিয়মিত গ্রাহক। তিনি তার মাসিক পেনশন, চিকিৎসা ও উৎসব ভাতা বাবদ উপজেলা হিসাব রক্ষণ অফিস থেকে ২০১৯ সালের ২৩ অক্টোবর ৫৮হাজার ৮৩৬ টাকা অ্যাডভাইসে গ্রহণ করেন। একই অ্যাডভাইসে আরও দুজন নারী নমিতা রানী রায় ও লক্ষীরানী বসাকসহ তিনজনের মোট ১ লাখ ৮০হাজার ৯২৪ টাকার হিসেব ছিল।

ওই দিন দুপুর আড়াইটার দিকে তিনি ব্যাংকে উপস্থিত হয়ে যাবতীয় কাগজপত্রে স্বাক্ষর করে ব্যাংকের ক্যাশ শাখার অফিসার বরুণ কুমারের নিকট জমা দেন। তিনি তাকে জানান টাকা দিতে দেরি হবে। আপনারা অপেক্ষা করতে হবে। এর মধ্যে রৌশন আরা বেগম হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বরুণ কুমারকে তার ব্যাংক হিসাব নম্বরটি একটি কাগজে লিখে দিয়ে টাকাটা জমা করে দেয়ার অনুরোধ করে তিনি বাসায় চলে যান।

পরবর্তীতে গত ২২ জানুয়ারি তিনি ব্যাংকে গিয়ে টাকা উত্তোলন করতে গেলে জানতে পারেন তার অ্যাকাউন্টে ৫৮হাজার ৮৩৬ টাকা জমা হয়নি। তাৎক্ষণিকভাবে তিনি বিষয়টি সোনালী ব্যাংকের সোনাগাজী শাখার ব্যবস্থাপক ফরহাদ উদ্দিনকে অবহিত করেন। তিনি তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করে বিষয়টি সমাধান করবেন বলে তাকে আশ্বাস দেন।

কিন্তু, সর্বশেষ ৩ ফেব্রুয়ারি রৌশন আরা বেগম তার ছেলে শাহ আজিজুর রহমানকে নিয়ে ব্যাংকে বিষয়টির খোঁজ নিতে গেলে শাখা ব্যবস্থাপক এর সমাধান করতে পারবেন না বলে জানিয়ে দেন।

রৌশন আরা বেগমের অভিযোগ, ব্যাংকের ক্যাশ শাখার অফিসার বরুণ কুমার ও মনিরুল ইসলাম যোগসাজশ করে তার ৫৮হাজার ৮৩৬ টাকা আত্মসাৎ করেছে।

এ ব্যাপারে জানতে চাইলে ওই দুই ব্যাংক কর্মকর্তা তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন।

ব্যাংকের ব্যবস্থাপক ফরহাদ উদ্দিন জানান, আমি যোগদানের পূর্বে ঘটনাটি ঘটেছিল। তারপরও আমি বিষয়টি জানার পর ওই দুই কর্মকর্তাকে জিজ্ঞাসা করেছি। তারা বলেছেন তারা টাকা আত্মসাৎ করেননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত