‘মানসিক অবসাদের’ কারণে ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। বিগ ব্যাশে ফিরে করেছেন দারুণ পারফরম্যান্স। এবার জাতীয় দলেও ফিরলেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২১ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের জন্য দলে ডাক পেয়েছেন ৩১ বছরের ম্যাক্সওয়েল। এছাড়া দলে ফিরেছেন মিচেল মার্শ ও ম্যাথু ওয়েড।
বিগ ব্যাশে মেলবোর্ন স্টার্সের অধিনায়ক ম্যাক্সওয়েল। তার দল কাল খেলবে চ্যালেঞ্জার্সে। তা জিতলেই যাবে ফাইনালে। ১৪ ইনিংসে ব্যাট হাতে করেছেন ৩৮৯ রান। উইকেটও নিয়েছেন ৮টি। প্রধান নির্বাচক ট্রেভর হন্স বলেন, দুই ফরম্যাটেই ম্যাক্সওয়েলের ফেরাটা দারুণ ব্যাপার। স্টার্সের হয়ে মিডল অর্ডারে সে ভালো করছে। বল হাতেও ভালো।’ ম্যাক্সওয়েল অস্ট্রেলিয়ার হয়ে সবশেষ মাঠে নেমেছিলেন গত বছরের অক্টোবরে। আরেক অলরাউন্ডার মিচেল মার্শ অজিদের হয়ে সবশেষ ওয়ানডে খেলেছিলেন ২০১৮ সালের জানুয়ারিতে। টি-টোয়েন্টি ওই বছরেরই অক্টোবরে। তিনিও দলে ফিরেছেন বিগ ব্যাশের পারফরম্যান্স দিয়ে। পার্থ স্কচার্সের হয়ে ১৪ ইনিংসে করেছেন ৩৮২ রান। তবে অস্ট্রেলিয়ার টপ অর্ডার দুর্দান্ত ফর্মে থাকায় দলে সুযোগ হয়নি বিগ ব্যাশের শীর্ষ রান সংগ্রাহক মার্কাস স্টয়নিসের। ১৫ ইনিংসে তার রান ৬১২।
নির্বাচক প্যানেলের সদস্য জর্জ বেইলির মতামতকে গুরুত্ব দিয়ে তার হোবার্ট হারিকেন্সের সতীর্থ, উইকেটরক্ষক ব্যাটসম্যান ম্যাথু ওয়েডকেও ফেরানো হয়েছে দলে। ৮ ইনিংসে ৫০.১৪ গড়ে করেছেন ৩৫১ রান। হন্স বলেন, ‘ম্যাথু ওয়েড ব্যাট হাতে দারুণ করেছেন। ভালো ফিল্ডারও। দরকার পড়লে উইকেটকিপিংও করতে পারেন। মার্কাস স্টয়নিস স্ট্যান্ডবাই থাকবেন দুই ফরম্যাটের জন্যই। বর্তমান টপ অর্ডারের কারণে দুঃখজনকভাবে তাকে বাদ পড়তে হচ্ছে।’
অস্ট্রেলিয়া দল : অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), শন অ্যাবট (শুধু টি-টোয়েন্টি), অ্যাস্টন অ্যাগার, অ্যালেক্স কারে, প্যাট কামিন্স, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ঝে রিচার্ডসন (শুধু টি-টোয়েন্টি), কেন রিচার্ডসন, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড (শুধু ওয়ানডে), মারনাস লাবুশেন (শুধু ওয়ানডে)।
