ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের খবর সংগ্রহের দিন ও পরে সাংবাদিকদের নির্যাতন-হেনস্তায় জড়িতদের গ্রেপ্তারে আগামী শনিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন সাংবাদিক নেতারা। গতকাল মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও রংপুর বিভাগ সাংবাদিক সমিতি আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এ আলটিমেটাম দেওয়া হয়। গত শনিবার নির্বাচনের খবর সংগ্রহ করতে গিয়ে রাজধানীতে ছয় সাংবাদিক হামলা ও হেনস্তার শিকার হন। এদের মধ্যে গুরুতর আহত সাংবাদিক মোস্তাফিজুর রহমান সুমন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।
সমাবেশে ডিইউজে সভাপতি আবু জাফর সূর্য বলেন, ‘সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন ও হেনস্তার ঘটনায় জড়িতদের আগামী শনিবারের মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা না হলে, পরের দিন রবিবার স্বরাষ্ট্র ও তথ্য মন্ত্রণালয়ে স্মারকলিপি দেওয়া হবে।’ তিনি আরও বলেন, ‘নিরাপদ সড়ক আন্দোলনের সময় সাংবাদিককে নির্যাতন করা হয়। আমরা অনশন করেছিলাম। স্বরাষ্ট্রমন্ত্রী বিচারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু তিনি কথা রাখেননি। আমরা বিচার পাইনি।’
ডিইউজের কোষাধ্যক্ষ উম্মুল ওয়ারা সুইটি বলেন, ‘আমি ফেইসবুকে যতবার সুমনের ছবি দেখেছি, মনে হয়েছে আমার মাথা থেকেই রক্তক্ষরণ হচ্ছে। প্রত্যেকের মাথা থেকেই রক্তক্ষরণ হয়েছে, এটা মনে করতে হবে। সাংবাদিকদের নিরাপত্তার বিষয়ে কোনো আপস করা যাবে না। আমরা সাংবাদিক নির্যাতনের বিচার না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাব না।’
ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল খায়ের বলেন, ‘সাংবাদিকদের ওপর হামলা করাটা যেন সহজ হয় গেছে। স্বাধীনতার পর থেকে যত সাংবাদিককে নির্যাতন-হেনস্তা, হত্যা করা হয়েছে একটিরও বিচার হয়নি। আমরা চাই এবার বিচার হোক। আশা করছি, দ্রুত আসামিরা গ্রেপ্তার হবে।’
রংপুর বিভাগ সাংবাদিক সমিতির সভাপতি মাকসুদুর রহমান মাকসুদ বলেন, ‘আজ সুমন জীবনমৃত্যুর সন্ধিক্ষণে। তার মতো আমরা প্রত্যেকে নিরাপত্তাহীনতায় ভুগছি। রাষ্ট্রযন্ত্র আমাদের নিরাপত্তা দিতে বারবার ব্যর্থ হয়েছে।’
সমাবেশ শেষে সাংবাদিকরা বিক্ষোভ মিছিল করেন এবং আগামী রবিবার একই দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করার কথা জানানো হয়।
সমাবেশে অন্যদের মধ্যে ডিইউজের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ, নির্বাহী পরিষদের সদস্য দুলাল খান, রংপুর বিভাগ সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাহী সদস্য শেখ মামুনুর রশিদ, ডিআরইউর সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ শুক্কুর আলী শুভ, ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বিএফইউজের সাবেক যুগ্ম মহাসচিব অমিয় ঘটক পুলক প্রমুখ বক্তব্য রাখেন।
