পুলিশের ঘোড়ার প্রজনন বৃদ্ধিতে ভারত থেকে এল ৬ ঘোড়া

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২০, ০৬:৪৬ পিএম

ভারত থেকে ৫৫ লাখ ৬২ হাজার টাকা ব্যয়ে পুলিশের জন্য ছয়টি প্রশিক্ষণ প্রাপ্ত ঘোড়া আমদানি করা হয়েছে।

ঘোড়াগুলো বুধবার বিকেলে ঢাকা রাজারবাগ পুলিশ লাইনে পৌঁছাবে বলে জানা গেছে। পেট্রাপোল বন্দর দিয়ে ভারতীয় একটি হর্স অ্যাম্বুলেন্স ট্রাকে করে ঘোড়াগুলো মঙ্গলবার রাতে বেনাপোল স্থলবন্দরে আনা হয়।

জানা যায়, বাংলাদেশ পুলিশের প্রশিক্ষণ কাজে ব্যবহার করা ঘোড়াদের প্রজনন বৃদ্ধির জন্য ঘোড়াগুলো আমদানি করা হয়েছে।

বাংলাদেশ পুলিশের জন্য ঢাকার মহাসিন ব্রাদার্স নামের একটি প্রতিষ্ঠান পশ্চিমবঙ্গের বারাসাত এলাকার বিধাতা সাপ্লায়ার্স নামের একটি রপ্তানিকারক প্রতিষ্ঠান থেকে ঘোড়াগুলো আমদানি করেছে।

ঘোড়াগুলো বেনাপোল কাস্টমস হাউস থেকে ছাড় নেয়ার জন্য সিঅ্যান্ডএফ এজেন্ট বিল অব এন্ট্রি দাখিল করেছে।

ঠিকাদার প্রতিষ্ঠান মহাসিন ব্রাদার্সের ব্যবস্থাপক এনামুল হক জানান, ঘোড়ার প্রজনন বৃদ্ধির জন্য এগুলো বাংলাদেশ পুলিশের নামে কেনা হয়েছে।

বেনাপোল কাস্টমস এর সহকারী কমিশনার আকরাম হোসেন জানান, ঘোড়াগুলো ভারতের দিল্লির গুরগাও হরিয়ানা থেকে আনা হয়েছে। কাস্টমস ও বন্দরের সকল আনুষ্ঠানিকতা শেষে ঘোড়াগুলোকে দ্রুত খালাসের নির্দেশনা দেয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত