সেমিফাইনালকে সাধারণ মনে করেই খেলতে চান আকবররা

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২০, ১০:৪২ পিএম

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে বৃহস্পতিবার নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। যে ম্যাচের আগে মানসিক ও শারীরিকভাবে নিজেদের তৈরি বলে জানিয়ে দিয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আকবর আলী।

নিউজিল্যান্ড যুবাদের বিপক্ষে ম্যাচটাকে সেমিফাইনাল ভাবতে চায় না লাল-সবুজের সারথিরা। বরং এই ম্যাচকে সাধারণ একটা ম্যাচ হিসেবে নিলেই ফলাফল পক্ষে আসবে বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক।

পচেফস্ট্রুমে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ও নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।

নিউজিল্যান্ড ১৯৯৮ সালের রানার্সআপ। এরপর আর ফাইনালে খেলা হয়নি দলটির। আর বাংলাদেশ নিজেদের ইতিহাসে কখনো যুব বিশ্বকাপের ফাইনালে খেলতে পারেনি। এবার নিউজিল্যান্ডকে হারাতে পারলে তাই ইতিহাস গড়বে আকবর, তৌহিদ হৃদয়রা।

রেকর্ডও অবশ্য বাংলাদেশের পক্ষেই। কিছুদিন আগে নিউজিল্যান্ডকে তাদেরই মাঠে ৪-১ এ সিরিজ হারিয়েছে বাংলাদেশের যুবারা। যদিও এই বিশ্বকাপ আসর শুরু আগে প্রস্তুতি ম্যাচে আবার নিউজিল্যান্ডের কাছে হেরেছে আকবররা। সেটাই খুব বাজে ভাবে।

তবে সেমিফাইনালে কিউই যুবাদের মুখোমুখি হওয়ার আগে নিজেদের পুরোপুরি তৈরি বললেন আকবর। যুব টাইগার দলের অধিনায়ক জানালেন, ‘মানসিক ও শারীরিক; দুইটা প্রস্তুতিই আমরা খুব ভালোভাবে নিয়েছি। এখন শুধু মাঠে আমাদের দক্ষতা প্রয়োগ করার পালা। সেটা করতে পারলে মনে হয় যে ফলাফল আমাদের পক্ষে আসবে।’

আকবর বলেন ম্যাচটা সাধারণ একটা ম্যাচ হিসেবেই নিতে চায় তার দল, ‘দলের সবাই রিলাক্সে আছে। এটা সেমিফাইনাল বা ফাইনাল না ধরে স্বাভাবিক আর দশটা ম্যাচের মতো মনে করলেই মনে হয় ভালো ফলাফল হবে।’

তবে নিউজিল্যান্ডকে সমীহই করছেন আকবর, ‘নিউজিল্যান্ড ভালো ক্রিকেট খেলে এত দূর আসছে। তাদেরকে যতটা সম্ভব কম রানে অলআউট করার চেষ্টা করব। লোয়ার অর্ডারে তাদের ভালো ব্যাটসম্যান আছে। তাদের ব্যাটিং লাইন অনেকটা লম্বা।’

গ্রুপ পর্বে বাংলাদেশের সবগুলো ম্যাচেই ছিল বৃষ্টির বাধা। কোয়ার্টার ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারানো ম্যাচটাই শুধু নির্বিঘ্নেই খেলতে পেরেছে যুব টাইগাররা।

নিউজিল্যান্ড ম্যাচে বৃষ্টির শঙ্কা নিয়ে আকবর বললেন, ‘এটা তো আর আমাদের নিয়ন্ত্রণে নাই। বৃষ্টি হলে আমাদের যেমন ঝামেলা হবে, ওদেরও তেমন ঝামেলাই হবে।’

মাঠে নামার আগে দেশবাসীর সমর্থনও চাইলেন আকবর, ‘দেশবাসীর উদ্দেশ্যে বলব, আপনারা সব সময় যেমন বাংলাদেশ ক্রিকেটকে সমর্থন করেছেন। সেই সমর্থনটাই আশা করব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত