চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে চারজন নিহত ও হয়েছেন। এতে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের বানিয়ারছড়ার চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির কাছে উত্তর-পশ্চিমাংশে দুর্ঘটনাটি ঘটে। আহত যাত্রীদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কক্সবাজার শহর থেকে রাজধানী ঢাকাগামী যাত্রীবোঝাই স্টার লাইন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়।
চকরিয়া থানার ওসি মো. হাবিবুর রহমান জানান, চালক নিয়ন্ত্রণ হারালে যাত্রীবাহী বাসটি সড়কের পাশে উল্টে যায়। পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা সঙ্গে সঙ্গেই হতাহতদের উদ্ধারে নেমে পড়েন। পরে গাড়ির ভেতর থেকে চারজনের লাশ উদ্ধার করা হয়।
ওসি আরও বলেন, এখনো পর্যন্ত হতাহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ওই বাসে ৪০ জনের বেশি যাত্রী থাকলেও অন্যরা সামান্য আঘাত পেয়েছেন। দুর্ঘটনাকবলিত বাসটি ক্রেন দিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
চকরিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাইফুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
