‌‘ঢাকার অপরাধ নিয়ন্ত্রণ করতে পারলে পুরো দেশ নিয়ন্ত্রণে থাকবে'

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২০, ১২:৫৭ এএম

জঙ্গি দমনের মতো মাদকের বিরুদ্ধে সরকার বিজয়ী হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘আমাদের জঙ্গি রাষ্ট্র বানানোর জন্য বিভিন্ন মহল থেকে ষড়যন্ত্র করা হয়েছিল। কিন্তু তারা সফল হয়নি। এখন মাদক দিয়ে নতুন ষড়যন্ত্র করা হচ্ছে। এতে আমরা উদ্বিগ্ন হলেও দিনশেষে বিজয়ী হব।’

শনিবার বিকেলে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে ডিএমপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘ঢাকা হচ্ছে সারা দেশের প্রতিচ্ছবি। এখানকার অপরাধ নিয়ন্ত্রণ করতে পারলে পুরো দেশ নিয়ন্ত্রণে থাকবে।’

মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা ধরে রাখতে হলে দেশের অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা ধরে রাখতে হবে। পুলিশ তাদের দক্ষতা বাড়িয়ে এ কাজই করছে।’

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এদিন ডিএমপি নাগরিক সংবর্ধনার আয়োজন করে। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দিন ও আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

আইজিপি তার বক্তব্যে বলেন, ‘থানাকে হতে হবে মানুষের আস্থা ও নির্ভয়ের প্রতীক। সবাই যেন থানায় গিয়ে সঠিক সেবা পায়, তা নিশ্চিত করতে হবে। ঢাকা ঘনবসতিপূর্ণ শহর। এখানে আমাদের জনবল, যানবাহন ও লজিস্টিক সীমাবদ্ধতা রয়েছে। এ কারণে আমাদের সামনে নতুন নতুন চ্যালেঞ্জ আসছে। প্রতিনিয়ত আমরা তা মোকাবিলা করছি। সমস্যা যতই থাকুক, সেবার মানে কমতি বরদাশত করা হবে না।’

এর আগে ডিএমপি প্রতিষ্ঠাবার্ষিকীর র‍¨ালি বের করে। ডিএমপি সদর দপ্তর থেকে র‌্যালিটি রাজারবাগ পুলিশ লাইনে গিয়ে শেষ হয়। পরে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

সেখানে আইজিপি বলেন, ‘ঢাকা শহর নিরাপদ রাখতে ডিএমপি সদস্যরা ২৪ ঘণ্টা করে কাজ করে যাচ্ছে। আমরা চাই মানুষ সেবার জন্য থানায় আসবে, হাসিমুখে ফিরে যাবে।’

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, ‘প্রযুক্তির উৎকর্ষের সঙ্গে তাল মিলিয়ে ডিএমপি মানুষকে সেবা দিতে নিরলস কাজ করে যাচ্ছে। আমাদের কাজে নগরবাসীকেও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত