রোনালদোর গোলে এগিয়ে গিয়েও হারল জুভেন্টাস

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২০, ১০:০০ এএম

তারকা ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে প্রথমে এগিয়ে গিয়েও ব্যবধান ধরে রাখতে পারল না জুভেন্টাস। পরে দুই গোল হজম করে সেরি আর ম্যাচে হেলাস ভেরোনার মাঠ থেকে হার নিয়ে ফিরেছে মাওরেসিও সাররির দল।

প্রতিপক্ষের মাঠে শনিবার রাতে ইতালির শীর্ষ লিগের ম্যাচটিতে ২-১ গোলে হারে জুভেন্টাস। গোলশূন্য প্রথমার্ধের পর ৬৫তম মিনিটে অতিথিদের এগিয়ে নিয়ে যান রোনালদো। সতীর্থ রদ্রিগো বেন্তাসুরের দ্রুত গতির পাস থেকে গোলটি করেন পর্তুগিজ এই তারকা।

এই গোলে দারুণ এক রেকর্ড গড়েছেন রোনালদো। সেরি আর ইতিহাসে জুভেন্তাসের প্রথম খেলোয়াড় হিসেবে টানা দশ ম্যাচে গোল করলেন পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার। ক্লাবটির হয়ে এর আগে ২০০৫ সালে টানা নয় ম্যাচে গোল করার নজির গড়েছিলেন ফরাসি স্ট্রাইকার ডেভিড ট্রেসকুয়েট।

রোনালদোর গোলে এগিয়ে যাওয়ার ব্যবধানটা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি জুভেন্টাস। এগারো মিনিটের মধ্যে দুরূহ এক কোণ থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান স্বাগতিক দলের উইঙ্গার ফাবিও বোরোনি।

৮৬তম মিনিটে স্পটকিক থেকে গোলে জুভেন্টাসতে হতাশ করে জয়ের উল্লাসে মাতে ভেরোনা। পেনাল্টি বক্সে অতিথি দলের সেন্টার-ব্যাক লিওনার্দো বনুচ্চির হাতে বল লাগলে ভিএআরের সহায়তায় পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

ম্যাচটিতে হারায় পয়েন্ট টেবিলের শীর্ষস্থান হারানোর শঙ্কায় পড়েছে জুভেন্টাস। দলটির ২৩ ম্যাচে সতেরো জয়ে দলটির পয়েন্ট ৫৪। এক ম্যাচ কম খেলা ইন্টার মিলান ৫১ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয়স্থানে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত