চলতি বছর এসএসসি পরীক্ষার প্রথম দিন ঢাকার দোহার উপজেলার বেগম আয়েশা উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রের অনিয়মিত পরীক্ষার্থীদের ২০১৮ সালের অনিয়মিত প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণের অভিযোগ উঠেছে।
গত বৃহস্পতিবার ভুক্তভোগী শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিত অভিযোগ দিলে ভুলের বিষয়টি জানাজানি হয়ে যায়। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নীতিমালা ২০২০ এর ১৫.৬.১ ধারায় স্পষ্ট বলা হয়েছে, এসএসসি ২০১৭-১৮ ও ২০১৮-১৯ শিক্ষাবর্ষের পরীক্ষার্থীদের জন্য ২০২০ সালের সিলেবাস অনুযায়ী প্রণীত প্রশ্নপত্রে পরীক্ষা হবে। ২০১৮ সালের অনিয়মিত পরীক্ষার্থীদের প্রশ্নপত্রে ২০২০ সালের নিয়মিত পরীক্ষার্থীরা পরীক্ষা দেওয়ায় সম্ভাব্য ক্ষতির মুখে পড়েছে জয়পাড়া পাইলট উচ্চ বিদালয়ের ২২ জন, কাটাখালী মিছের খান উচ্চ বিদ্যালয়ের ১৮ জনসহ অন্য আরও দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের আরও ছয়জন শিক্ষার্থী। মোট ৪৬ জন পরীক্ষার্থীকে ভুল প্রশ্নে পরীক্ষা দেওয়ানো হয়েছে। পরীক্ষা হলে পুরনো সিলেবাসের প্রশ্ন পেয়ে বিভ্রান্ত হয়ে পড়ে শিক্ষার্থীরা। এতে তাদের সার্বিক ফলাফলে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছে তারা। এ ভুলের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে পরীক্ষার্থীরা। প্রথমে ভুলের দায় স্বীকার না করলেও পরে স্বীকার করেছেন কেন্দ্রের সচিব বেগম আয়েশা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ কুলসুম বেগম।
দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা জানিয়েছেন, ওই কেন্দ্রের কেন্দ্র সচিব কুলছুম বেগমকে তিন কার্যদিবসের মধ্যে ঘটনার কারণ জানতে নোটিস করেছেন।
