মাদারীপুরের শিবচরের গুয়াতলা এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক কিশোরীর লাশ উদ্ধার করেছে শিবচর থানা-পুলিশ।
সোমবার দুপুরে শিবচর পৌরসভার গুয়াতলার শহিদ মজুমদারের ফ্ল্যাট বাড়ির নিচতলার একটি ফ্ল্যাট থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত মাসে স্বামী-স্ত্রী পরিচয়ে তরুণ-তরুণী ১৩ বছরের এক কিশোরীকে নিয়ে পৌরসভার গুয়াতলার শহিদ মজুমদারের বাড়ির একটি ফ্ল্যাট ভাড়া নেন। বাসা ভাড়া নেওয়ার ৩ দিনের মাথায় বাসায় তালা দিয়ে ওই ভাড়াটিয়ারা বেরিয়ে যান। এরপর আর তারা বাসায় আসেননি। ভাড়া নেওয়া ওই ফ্ল্যাট থেকে দুর্গন্ধ ছড়ালে আশপাশের লোকজন বাসার পেছন দিকে গিয়ে দেখতে পান একটি লাশ পড়ে আছে। তখন স্থানীয়রা থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।
সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) আবির হোসেন বলেন, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে এসে একটি অজ্ঞাতপরিচয় লাশ উদ্ধার করি। ধারণা করা হচ্ছে লাশটি ১২-১৩ বছরের কিশোরীর হবে। এ বিষয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
